দৈনিক সিলেটের সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট নগরীর বারুতখানা এলাকার ফুড প্যারাডাইসে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

অনুষ্ঠানে বক্তারা গণমুখী সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন। সাংবাদিকদের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরকে জানানো হয়, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে কার্যকর সহযোগিতা সময়ের দাবি।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ূন কবির বলেন, “বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং সৌজন্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল প্রতিনিধি মূল্যায়ন ও সম্মাননা প্রদান পর্ব। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ধারাবাহিক কর্মদক্ষতা এবং স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক সিলেটের সংবাদ পত্রিকার সেরা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মোঃ ফজলু মিয়া-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণের পর সাংবাদিক মোঃ ফজলু মিয়া দৈনিক সিলেটের সংবাদ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

সাংবাদিক মোঃ ফজলু মিয়ার সাংবাদিকতা জীবনে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি যুক্তরাজ্যভিত্তিক টিভি ওয়ান ইউকে-এর সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাভিশনের সিলেট জেলা প্রতিনিধি এমদাদ হোসেন দীপু-এর সঙ্গে ভিডিও এডিটর হিসেবে কাজ করেছেন এবং আরটিভির সিলেট জেলা প্রতিনিধি কামরুজ্জামান রাজ্জাক রুনু-এর সঙ্গেও সাংবাদিকতা ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।

স্থানীয় সংবাদ সংগ্রহ, জনদুর্ভোগ, উন্নয়ন, সামাজিক সমস্যা এবং মানুষের অধিকারভিত্তিক সংবাদ নিয়মিত প্রকাশের মাধ্যমে তিনি ইতোমধ্যে একজন দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর এ অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *