
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘদিনের বিভক্তি কাটিয়ে জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকেরা এক ছায়াতলে আসতে যাচ্ছেন বলে জোর আলোচনা চলছে। এ লক্ষ্যে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সূত্র বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার গঠনের আগে থেকেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকেরা এক ছায়াতালে আসার চেষ্টা করে যাচ্ছেন৷ ইতোমধ্যে বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যে এক ধরণের প্রতিশ্রুতি/ কমিটমেন্ট হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার রাতে তাদের ঐক্যবদ্ধ হওয়া ও নতুন প্ল্যাটফর্মের বিষয়ে একটি আলোচনা সভাও ডেকেছেন জাতীয়তাবাদী শিক্ষকেরা৷
বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকেরা দীর্ঘদিন ধরেই দুইভাগে বিভক্ত। বিশ্ববিদ্যালয়ের শুধু বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এবং বিএনপি-জামায়াতপন্থী সাদা দল এই দুইভাগে বিভক্ত ছিল। এরমধ্যে সরকার গঠনের পর জাতীয়তাবাদী শিক্ষকেরা এক প্ল্যাটফর্মে আসতে তাদের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্নসময়ে দফায় দফায় বৈঠক করেন। সাদা দল খ্যাত বিএনপিজামায়াতপন্থী বলয় থেকে শুধু বিএনপিপন্থীদেরকে পৃথক হতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকেও জোড়তৎপরতা চলমান থাকে। এ নিয়ে বর্তমান উপ-উপাচার্য মো. সাজেদুল করিমও বিষয়টি নিয়ে সায় রয়েছে বলে জানা গেছে। তিনিই দীর্ঘসময় ধরে সাদা দলের প্রধানের দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শাবিপ্রবি শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও গণিত বিভাগের প্রধান আশরাফ উদ্দিন ঐক্যবদ্ধ হওয়ার সূরে অগ্রণী ভূমিকা পালন করছেন বলে জানা গেছে।
এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. খায়রুল ইসলাম ইউট্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। নতুন প্ল্যাটফর্ম গঠনের বিষয়টি তাকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
শিক্ষকেরা বলছেন, বর্তমান দেশে সরকারের বিরোধী দল হিসেবে রয়েছে জামায়াত ইসলামী। ক্যাম্পাসেও বিরোধী ভূমিকার জেরে জাতীয়তাবাদী শিক্ষকেরাও জামায়াত থেকে পৃথক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। এটি একধরণের কৌশল হলেও মূলত তাদের প্রশাসনিক ও রাজনৈতিক পথকে শক্তিশালী করতেই জাতীয়তাবাদী শিক্ষকদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন বলেন, “এটি সম্পূর্ণ নতুন কোনো প্ল্যাটফর্ম নয়। আগে সাদা দল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে থাকা বিএনপিপন্থী শিক্ষকেরাই এখন একসঙ্গে একটি প্ল্যাটফর্মে আসছেন। এ ক্ষেত্রে সংগঠনের নামের কিছু পরিবর্তন আসতে পারে।”



