
সুনামগঞ্জের জামালগঞ্জে প্রবহমান সুরমা নদীর করালগ্রাসে আতঙ্কিত কামধরপুর গ্রামবাসী। ভাঙনের ঝুঁকিতে পড়েছে শতাধিক বসতভিটা, মসজিদ ও বাজার।
সরেজমিন ঘুরে দেখা যায়, ফেনারবাঁক ইউনিয়নের কামধরপুর গ্রামে শতাধিক বসতভিটার পাকা, আধাপাকা ঘর ও দোতলা জামে মসজিদ সুরমা নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। উপজেলার প্রাচীন এই গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে মসজিদসহ শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
পাশাপাশি নদীভাঙনের কবলে পড়েছে কামধরপুর বাজারটিও। বাজারের ৬৫টির বেশি দোকান কোটার ব্যবসায়ী মালিকগণ আছেন ভাঙনের আতঙ্কে। গ্রাম ও বাজারটিতে বিগত কয়েক বছর ধরে সুরমা নদীর ভাঙন চরম আকার ধারণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি কোনো পদক্ষেপ।
কামধরপুর গ্রাম ছাড়াও এই উপজেলার আরও অসংখ্য গ্রাম ও বাজার সুরমা নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে।



