
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান ক্যারিয়ার উন্নয়নমূলক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে “যুবকদের ক্ষমতায়ন: ব্যাংকিংয়ে যুবকদের সম্পৃক্তকরণ ও অনুপ্রাণিতকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম এবং ব্যবসায় প্রশাসন বিভাগেরবঅধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম. এম. মাহবুব হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড, সিলেট ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. হুমায়ুন কবির।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, বাস্তব অভিজ্ঞতা অর্জন, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন যে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মূল প্রবন্ধে বক্তারা ব্যাংকিং খাতে ক্যারিয়ারের সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ কৌশল, পেশাগত দক্ষতা উন্নয়ন, কার্যকর নেটওয়ার্কিং এবং চাকরির বাজারে সফল হওয়ার প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রাইম ব্যাংকের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়েও আলোকপাত করা হয়।
কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল সিভি লেখার কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতের কার্যক্রম এবং জাতীয় অর্থনীতিতে এর ভূমিকার ওপর বাস্তবধর্মী দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পেশাদার জীবনের জন্য প্রস্তুত করা এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি লাইভ মক ইন্টারভিউ সেশন, যেখানে বাস্তব পরিবেশের মতো সাক্ষাৎকার নিয়ে অংশগ্রহণকারীদের মূল্যায়নের পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও একটি সরাসরি প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা তাঁদের ব্যাংকিং ও ক্যারিয়ার বিষয়ক প্রশ্নের উত্তর জানার সুযোগ পান এবং সেরা প্রশ্নকারী ও মক ইন্টারভিউতে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, সান্ধ্যকালীন খাবার এবং প্রাইম ব্যাংকের উপহারসামগ্রী বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি আব্দুল আহাদ জানান, ‘শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলা এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে সাস্ট ক্যারিয়ার ক্লাব ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী সেমিনার, কর্মশালা ও ক্যারিয়ারভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখবে।’



