নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান বেশিদিন সরকার চালাতে পারবেন না’

‘তারেক রহমান বেশিদিন সরকার চালাতে পারবেন না’

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন সরকার পরিচালনা করতে পারবেন না। তিনি সরকারের অর্থনীতি, জ্বালানি খাত, কূটনীতি ও নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে বিএনপির কঠোর সমালোচনা করেন।

শুক্রবার (৩১ জুলাই) পদযাত্রা ও সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, মালয়েশিয়ার শ্রমবাজার ও চীন সফরের ফলাফল বর্তমান সরকারের নীতিগত ব্যর্থতার প্রমাণ।

জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে এনসিপির এই নেতা অভিযোগ করেন, ভোটগ্রহণের রাতে ‘নজিরবিহীন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে।

তিনি বলেন, তাদের দলের মূল এজেন্ডা ছিল সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার।

বিএনপিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের সংস্কারের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিলে দলটি গণআন্দোলনের মুখে পড়বে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ আমলের বিভিন্ন মামলার বিচারপ্রক্রিয়ায় স্থবিরতার অভিযোগ তুলে বিতর্কিত ব্যক্তিদের অর্থের বিনিময়ে ছাড় দেওয়ার অভিযোগও করেন।

রাষ্ট্রপতি ইস্যুতে তিনি জানান, এনসিপি রাষ্ট্রপতিকে অপসারণ অথবা জাতীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করলেও তাতে সাড়া মেলেনি। বিএনপির রাজনৈতিক অবস্থানের কারণেই বর্তমান সাংবিধানিক পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী তারেক রহমানকে কটাক্ষ করে ‘গ্যাংস্টার’ বলে উল্লেখ করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব অভিযোগ ও বক্তব্যের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৪০
  • ৮:০১
  • ৫:২০