বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ প্রতিযোগিতার শিরোপা জিতেছে সিলেট রেঞ্জ ফুটবল দল।গতকাল শুক্রবার (৩১ জুলাই) ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট রেঞ্জ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে উভয় দলই অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে। শেষ পর্যন্ত একমাত্র গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট রেঞ্জ। প্রতিযোগিতায় সিলেট রেঞ্জের জীবন ম্যান অব দ্য ম্যাচ এবং আমিরুল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।

ফাইনাল শেষে বিজয়ী সিলেট রেঞ্জ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের সাফল্য রয়েছে। আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।

আইজিপি আরও বলেন, পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য দেহ-মনের সুস্থতা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও বেশি কর্মক্ষম ও সক্ষম করে তোলে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, নিষ্ঠার সাথে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণাধীন পিওএইচএস গ্রিন মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *