‘বড় ছেলে’র স্মৃতি নিয়ে ফিরছে ‘ছোট ছেলে’

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বড় ছেলে’ নাটকের কথা এখনও অনেক দর্শকের মনে গেঁথে আছে। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে অপূর্ব ও মেহজাবীন অভিনীত এই নাটকটি দেশের শোবিজে ব্যাপক সাড়া ফেলেছিল। আবেগঘন গল্প আর অভিনয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি ইউটিউবেও একের পর এক রেকর্ড গড়েছিল নাটকটি।

প্রায় এক দশক পর এবার নাটকে আসছে ‘ছোট ছেলে’। না আগের নির্মাতা-শিল্পীদের কাজ নয় এটি। ‘ছোট ছেলে’ বানিয়েছেন আনিসুর রহমান রাজিব, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। বৃহস্পতিবার ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। আর এ নাটকের মাধ্যমেই যাত্রা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া।

 

‘ছোট ছেলে’র কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও একঝাঁক অভিনয়শিল্পীকে।

 

পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত নাটকটি নিয়ে আরশ খান বলেন, ‘খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প এটি। এখানে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি, সান ড্রামার যাত্রার প্রথম নাটক হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে।’

সুনেরাহ বিনতে কামাল বলেন, “আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে ভালো লাগছে।”

সান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল নাটক নির্মাণ নয়, বরং দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্ট ও বৈচিত্র্যময় ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১