দেশজুড়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের মধ্যেই এবার নিজের বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
ড. আজহারীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে অনেকেই নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও আগের তুলনায় অনেক বেশি বিল পরিশোধ করতে হচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছ থেকেও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকের দাবি, নিয়মিত লোডশেডিং থাকা সত্ত্বেও চলতি মাসে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিল নির্ধারণের প্রক্রিয়া তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।



