৮ বছর পর চালু হচ্ছে সিলেট-মাস্কাট ফ্লাইট

৮ বছর পর শুরু হচ্ছে সিলেট থেকে ওমানের রাজধানী মাস্কাটের সঙ্গে সরাসরি ফ্লাইট। ‎১ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর ঘোষণা করছে ‎ওমানের বিমানসংস্থা সালামএয়ার। সপ্তাহে সিলেট থেকে ৩টি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

জানা যায়, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত হলেও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না। কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই বিমানবন্দরকে সম্প্রসাণ ও আধুনিকায়ন করা হচ্ছে। তবু পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ পায়নি ওসমানী বিমানবন্দর। নেই বিদেশি কোনো এয়ারলাইনেসর ফ্লাইট।

তবে সম্প্রতি সরকারের প্রচেষ্টায় বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। সেপ্টেম্বরে ফ্লাইট চালু করবে সালামএয়ার। ডিসেম্বরের মধ্যে আরও একাধিক বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানা গেছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। এই ফ্লাইট চালু হলে তুলনামূলক কম ভাড়ায় ওমানপ্রবাসী সিলেটিদের যাতায়াতের সুযোগ তৈরি হবে।

‎সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, সালামএয়ার গ্লোবাল নেটওয়ার্ক বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপজুড়ে বিস্তৃত এবং এ নেটওয়ার্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে এয়ারলাইনটি ৩৮টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে ২৪ টি ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। এর মধ‍্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে ৭ টি ও সিলেট থেকে ৩ টি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনা শুরু করেছিল দুবাইভিত্তিক ‘ফ্লাই দুবাই’। ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরুতে সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট পরিচালনা করলেও যাত্রী চাহিদা বাড়ায় পরে প্রতিদিনই ফ্লাইট চলাচল করত। তবে নিজস্ব পরিচালনাগত সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট-দুবাই রুটে ফ্লাইট বন্ধ করে দেয় এয়ারলাইন্সটি।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে আধুনিক ওয়্যারহাউজ। নতুন টার্মিনাল ভবনসহ আরও বেশ কিছু উন্নয়নকাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় আন্তর্জাতিক অবকাঠামো থাকা সত্ত্বেও বর্তমানে বিদেশি কোনো এয়ারলাইন্স এই বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে না।

বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স সৌদি আরবের মক্কা ও মদিনায় সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ‘ফ্লাই দুবাই’ আবারও সিলেট থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি জাতীয় সংসদে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, প্রতিষ্ঠানটিকে ফ্লাইট পরিচালনার জন্য নীতিগত সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

ট্রাভেল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের ধারণা, চলতি বছরের শেষ দিকে আবারও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চালু হতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আরেক এয়ারলাইন্স ‘এয়ার আরাবিয়া’ও সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরু থেকে তাদের ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি ওসমানী বিমানবন্দরে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট পুনরায় চালুর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছিলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে সরকার কাজ করছে। ভারতের সঙ্গে সম্পর্ক আরও ইতিবাচক পর্যায়ে পৌঁছালে সিলেট-গুয়াহাটি রুটে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় আরও সম্প্রসারিত হবে।

‎সালামএয়ারের সিলেট ইন-চার্জ সেলিম আল রাজী জানান, সিলেটে এয়ারলাইনটির সিটি অফিস ও এয়ারপোর্ট ডেস্কের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিটি অফিসের ঠিকানা: বাড়ি নং–৬১, নবাব রোড (নিরাময় পলি ক্লিনিকের বিপরীতে), সিলেট–৩১০০।

‎তিনি আরও জানান, আগামী ১ সেপ্টেম্বর সিলেট শহরে একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সিলেট থেকে সালামএয়ারের আন্তর্জাতিক যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

‎যেকোনো প্রয়োজনে সিলেটের যাত্রী ও ট্রাভেল এজেন্টরা সালামএয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিক্রয়-সংক্রান্ত যোগাযোগ নম্বর ০১৮৪৭৪৬৭৭০৯ থেকে ০১৮৪৭৪৬৭৭২৬ এবং রিজার্ভেশন ও টিকেটিং কাউন্টারের যোগাযোগ নম্বর ০১৮৪৭৪৬৭৭২২ থেকে ০১৮৪৭৪৬৭৭২৩।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১