সিলেট শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যার দিক থেকেও মেয়েদের সংখ্যা বেশি।

ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৫৩ হাজার ৬৪১ জন মেয়ে এবং ৩৫ হাজার ৪৩৮ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়। অর্থাৎ, ছেলেদের তুলনায় ১৮ হাজার ২০৩ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পাসের হারেও মেয়েরা এগিয়ে। পরীক্ষায় অংশ নেওয়া ছেলেদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন পাস করেছে। ছেলেদের পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে, মেয়েদের মধ্যে ৩২ হাজার ৬৮ জন পাস করেছে। মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ৭৮ শতাংশ।
ফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের সাফল্য বেশি। এবার ২ হাজার ৯১ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। বিপরীতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪৫ জন ছেলে। অর্থাৎ, ছেলেদের তুলনায় ৩৪৬ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষার্থী, পাসের হার এবং জিপিএ-৫—তিনটি সূচকেই এবার ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। বিশেষ করে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের এগিয়ে থাকার ব্যবধানও উল্লেখযোগ্য।

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *