সিলেট শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে।

আজ সোমবার (১০আগস্ট) সকাল ১০টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ও পরীক্ষা নিয়ন্ত্রণক বিলকিস ইয়াছমীন ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিপরীতে সবচেয়ে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। এ বিভাগ থেকে ৩ হাজার ৬০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগে এবার মোট ২৫ হাজার ৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ১৫৯ জন।

পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এ বিভাগের ৬ হাজার ২২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৯৮৩ জন। পাসের হার ৬৪ দশমিক ০৩ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন শিক্ষার্থী।

অন্যদিকে, তিন বিভাগের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগ। এ বিভাগে এবার পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৭৬০ জন। এর মধ্যে পাস করেছে ২৭ হাজার ৮১৫ জন। পাসের হার ৪৮ দশমিক ১৬ শতাংশ। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১২০ জন।

ফলাফলে দেখা যায়, পাসের হারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ে প্রায় ১৬ শতাংশ পয়েন্ট এবং মানবিক বিভাগের চেয়ে ৩২ শতাংশ পয়েন্টের বেশি এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে অন্য দুই বিভাগের ব্যবধান অনেক বেশি। তিন বিভাগের মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর বড় অংশই এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। ফলে এবারের এসএসসি ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক সাফল্যের তালিকায় স্পষ্টভাবেই শীর্ষে রয়েছে বিজ্ঞান বিভাগ।

 

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *