ডনের জামিনের আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

এদিকে সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি না করতে এবং বাড়াবাড়ি করলে যেভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে, সেভাবে শাহরানকে (সালমান শাহর ভাই) হত্যা করা হবে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সালমান শাহর মামা ও মামলার বাদী আলমগীর কুমকুম।

এদিন ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নাকচ করে দেয়।

শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান আলমগীর কুমকুম। তিনি বলেন, সালমান ভক্ত মামুন ফেসবুক লাইভের কমেন্টে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়। স্ক্রিনশটে লেখা হয়, ‘মামুন নীলা চৌধুরীকে বলো সালমান মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে (সালমান শাহর ভাই) হত্যা করবো।’

এ সময় আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর সেই ভক্ত মামুন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সালমান ভক্তদের নিয়ে মানববন্ধন করার আহ্বান জানাতে ফেসবুকে লাইভ করছিলাম। লাইভের কমেন্টে ওই হত্যার হুমকি দেওয়া হয়। পরে স্ক্রিনশট নেওয়ার সময় কমেন্টটি মুছে ফেলা হয়।’

মামুন আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, আমরা সালমান ভক্তরা ৩০ বছর ধরে বলে আসছি, সালমান শাহকে হত্যা করা হয়েছে। ডনকে গ্রেপ্তারের পর কেন এমন হুমকি আসছে, সেটিও তদন্ত করে দেখা দরকার। মামলায় আরও যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এর আগে ৯ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর আরিফুর রহমান সিএমএম আদালতে হাজির করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩