থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তিনি এবং চিত্রগ্রাহক মেহেদী রনি আহত হয়েছেন। দুর্ঘটনার পর দুজনকেই থাইল্যান্ডের পাতায়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টার দিকে দেশটির কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি নাটকের শুটিংয়ের জন্য খায়রুল বাসারসহ শুটিং ইউনিটের সদস্যরা কোলান দ্বীপে গিয়েছিলেন। সেখানে পাহাড়ি এলাকায় একটি দৃশ্যের শুটিং শেষ করে স্কুটিতে করে নিচে নামছিলেন বাসার ও মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন রনি। পাহাড় থেকে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পড়ে গেলে দুজনই আহত হন।
দুর্ঘটনার সময় শুটিং দলের অন্য সদস্যরা কিছুটা দূরে অবস্থান করছিলেন। খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটাচলায়ও তার সমস্যা হচ্ছে। হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অভিনেতা বলেন, দুর্ঘটনার পর বুকে ব্যথা এবং হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে পাতায়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসার আরও জানান, দুর্ঘটনার কারণে আপাতত নাটকের শুটিং বন্ধ রাখা হয়েছে। শারীরিক অবস্থার কারণে এখন শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব নয়।
এ দিকে দুর্ঘটনায় তুলনামূলকভাবে বেশি আঘাত পেয়েছেন চিত্রগ্রাহক মেহেদী রনি। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও চামড়া ছিলে যাওয়ার মতো ক্ষত হয়েছে তার। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শ অনুযায়ী হাসপাতালে থাকতে হবে দুজনকেই।



