জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে নিজেদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত কয়েকদিন ধরে এই পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেষ মুহূর্তে মির্জা ফখরুলই রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন, নাকি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কোনো বড় চমক দেখাবেন তা আজকের দিনেই স্পষ্ট হবে।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করা হলে দল, সরকার এবং জাতীয় সংসদে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল আসবে। বিশেষ করে বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে দলের ভেতরে ও বাইরে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।
একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত কে হবেন এবং তার খালি হওয়া নির্বাচনি আসনে উপনির্বাচনে কে দলীয় মনোনয়ন পাবেন, তা নিয়েও জোর গুঞ্জন চলছে।



