প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে কিউএস ফোরামে শাবিপ্রবি ভিসি

প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে কিউএস ফোরামে শাবিপ্রবি ভিসি

প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এর প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম।

 

সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এ ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের মূল প্রতিপাদ্য ছিল ‘অ্যাক্সেলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন’, অর্থাৎ উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা।

 

ফোরামে দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক ও নীতিনির্ধারকেরা অংশ নেন। প্যানেল আলোচনায় শাবিপ্রবি উপাচার্যের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর এম. তামিম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া এবং এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম অংশ নেন।

 

আলোচনায় উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল শিক্ষাসামগ্রী, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ-আই, ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।

 

বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক করতে ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি পরিবর্তিত কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা সম্ভব।

 

আলোচনায় আরও বলা হয়, উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তর শুধু শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার কিংবা অনলাইন শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, গবেষণা, শিক্ষা পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরির বিষয়ও জড়িত। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, সরকার, নীতিনির্ধারক ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

অনুষ্ঠানে মডারেটর হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউ-জি-সি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

 

ফোরামটি যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপাব)। এতে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ, প্রযুক্তির ভূমিকা এবং বৈশ্বিক মানের সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সামঞ্জস্য বাড়ানোর বিষয়ে মতবিনিময় করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬