ফ্রান্সে বাড়ছে বাংলাদেশি কমিউনিটি, বাড়ছে সাংগঠনিক বিভক্তিও

ফ্রান্সে বাড়ছে বাংলাদেশি কমিউনিটি, বাড়ছে সাংগঠনিক বিভক্তিও

ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্যারিস ও ইল-দ্য-ফ্রান্সের বাইরে দেশটির বিভিন্ন বড় শহরেও গড়ে উঠেছে বাংলাদেশি কমিউনিটি। তবে জনসংখ্যা বাড়লেও সাংগঠনিকভাবে এখনও পিছিয়ে রয়েছে এই কমিউনিটি। বিভক্তি, পারস্পরিক বিরোধ আর কার্যকর নেতৃত্বের অভাবে তৈরি হচ্ছে নানা সংকট। বিশেষ করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলার দাবি উঠেছে।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে শুরু করে লিল, ট্রয়েস, তুলুজ, রেন, নান্ত, ব্রেস্ট ও লিওনের মতো শহরগুলোতেও এখন বাংলাদেশিদের উপস্থিতি চোখে পড়ার মতো। গত কয়েক বছরে রাজনৈতিক আশ্রয়, ব্যবসা, চাকরি ও অন্যান্য কারণে ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা দ্রুত বেড়েছে। কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষের ধারণা, দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা এখন দুই লাখের কাছাকাছি। তবে সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশি কমিউনিটির সঠিক সংখ্যা নির্ধারণের নির্ভরযোগ্য কোনো পূর্ণাঙ্গ ডাটাবেজ নেই।

জনসংখ্যা বাড়লেও সেই অনুপাতে গড়ে ওঠেনি শক্তিশালী সামাজিক ও ব্যবসায়িক কাঠামো। কমিউনিটির বিভিন্ন সংগঠন থাকলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় একই নামে একাধিক সংগঠন। আঞ্চলিক, বিভাগীয়, সাংবাদিক কিংবা সামাজিক সংগঠন—বিভিন্ন ক্ষেত্রেই বিভক্তি ও নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে রয়েছে অভিযোগ। ফলে কমিউনিটির বৃহত্তর স্বার্থে একটি অভিন্ন প্ল্যাটফর্মের অভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে। প্রবাসী কমিউনিটি বিশ্লেষকরা মনে করেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঐক্যের অভাব।

ব্যক্তিগত বিরোধ অনেক সময় সাংগঠনিক বিরোধে পরিণত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো কমিউনিটি।” ফ্রান্সে বসবাসরত অন্যান্য প্রবাসী কমিউনিটির দিকে তাকালে চিত্রটা কিছুটা ভিন্ন। চীনা, ভারতীয় কিংবা শ্রীলঙ্কান কমিউনিটির রয়েছে শক্তিশালী ব্যবসায়িক ও সামাজিক নেটওয়ার্ক। নিজেদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ফ্রান্সের মূলধারার সমাজ ও অর্থনীতিতেও তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখছে।

বাংলাদেশি কমিউনিটির মধ্যেও এমন একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলার দাবি উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামনে রেখে একটি “মাদার বাংলাদেশি কমিউনিটি” গড়ে তোলার কথা বলছেন অনেকে। তাদের মতে, এমন একটি প্ল্যাটফর্ম হতে পারে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে, ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সহযোগিতা, নতুন প্রজন্মের বিকাশ এবং বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক জোরদারের একটি কার্যকর মাধ্যম। একই সঙ্গে প্রয়োজন একটি শক্তিশালী বাংলাদেশি ব্যবসায়িক সংগঠন—যেখানে উদ্যোক্তারা একে অন্যের সঙ্গে যুক্ত হবেন, নতুন ব্যবসায়ীদের সহযোগিতা করবেন এবং ফরাসি মূলধারার ব্যবসায়িক পরিমণ্ডলে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করবেন।

তারা বলেন “শুধু ফেসবুককেন্দ্রিক সংগঠন নয়, আমাদের এমন সংগঠন দরকার যেটা বাস্তবে মানুষের কর্মসংস্থান, ব্যবসা এবং সামাজিক সমস্যার সমাধানে কাজ করবে। “ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির পরিধি দিন দিন বাড়ছে। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীকে একটি কার্যকর শক্তিতে পরিণত করতে হলে প্রয়োজন বিভক্তির পরিবর্তে ঐক্য, ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের পরিবর্তে প্রাতিষ্ঠানিক কাঠামো এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ। এখন প্রশ্ন—এই পরিবর্তনের নেতৃত্ব দেবে কারা?”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬