অবশেষে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে ‘ফ্রোজেন’ ভক্তদের। জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ফ্রোজেন ৩’-এর প্রথম ঝলক প্রকাশ করেছে ডিজনি। নতুন সিনেমায় আনা ও ক্রিস্টফের বহুল প্রতীক্ষিত রাজকীয় বিয়ের আয়োজন থাকলেও উৎসবের আবহে হানা দেবে রহস্যময় এক নতুন খলনায়ক।
২০২৭ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিনেমাটি। সম্প্রতি ডিজনির ডি২৩ ফ্যান ইভেন্টে প্রকাশ করা হয় ‘ফ্রোজেন ৩’-এর প্রথম ফুটেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনা ও এলসার কণ্ঠশিল্পী ক্রিস্টেন বেল ও ইদিনা মেনজেল। বেল জানান, নতুন কিস্তিতে আনা ও এলসা তাদের জীবনের সবচেয়ে বড় অভিযানে পা দিতে যাচ্ছে।
সিনেমাটির গল্পে অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে আনা ও ক্রিস্টফের বিয়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর রাজকীয় এই বিয়েকে ঘিরে অ্যারেনডেলে তৈরি হবে উৎসবের পরিবেশ। এমনকি প্রিয় চরিত্র ওলাফের জীবনেও প্রেমের সম্ভাবনার ইঙ্গিত রয়েছে।
তবে আনন্দের সেই আবহ খুব বেশি সময় স্থায়ী হবে না। প্রকাশিত ফুটেজে দেখা যায়, বরফে ঢাকা দুর্গম পাহাড়ি এলাকায় বিয়ের আয়োজনের পথে নতুন এক রহস্যময় চরিত্রের আবির্ভাব ঘটে। দুই বোনকে উদ্দেশ করে সে বলে, ‘অ্যারেনডেলের দুই বোন, অবশেষে আমাদের দেখা হলো।’ তার উপস্থিতিতেই গল্পে নতুন সংঘাতের সূচনা হওয়ার আভাস পাওয়া গেছে।
আগের দুই সিনেমার মতো তৃতীয় কিস্তিতেও কণ্ঠ দিচ্ছেন ইদিনা মেনজেল, ক্রিস্টেন বেল, জশ গ্যাড ও জোনাথন গ্রফ। এলসা, আনা, ওলাফ ও ক্রিস্টফের চরিত্রে যথাক্রমে ফিরছেন তারা।
বক্স অফিসেও ‘ফ্রোজেন’ সিরিজের সাফল্য ছিল ব্যাপক। ২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ১২৮ কোটি ডলার আয় করে। ২০১৯ সালের ‘ফ্রোজেন ২’ আয় করে প্রায় ১৪৫ কোটি ডলার। ফলে তৃতীয় কিস্তি ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।
প্রথমে ২০২৬ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়। জশ গ্যাড জানিয়েছেন, নির্মাতারা কোনো ধরনের তাড়াহুড়া করতে চান না। তাদের লক্ষ্য, ‘ফ্রোজেন ৩’ যেন কেবল ব্যবসায়িক সিক্যুয়েল না হয়ে আগের দুই সিনেমার গল্প ও আবেগের যথাযথ ধারাবাহিকতা বজায় রাখে।
দীর্ঘ অপেক্ষার পর ২০২৭ সালের ২৪ নভেম্বর বড় পর্দায় ফিরতে যাচ্ছে আনা, এলসা, ক্রিস্টফ ও ওলাফ। এরই মধ্যে নতুন খলনায়ককে ঘিরে দর্শকদের মনে জোরালো প্রশ্ন—কে এই রহস্যময় চরিত্র, আর অ্যারেনডেলের রাজপরিবারের জন্য তার পরিকল্পনাই বা কী?



