সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। মৌসুমি নিম্নচাপের প্রভাবে সিলেট ও তৎসংলগ্ন উজান এলাকায় ভারী বৃষ্টিপাত হলে বিভাগের নদ-নদীর পানি আবারও বাড়তে পারে। এতে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জখবর

আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা বলা হয়েছে। এর মধ্যে সিলেটসহ কয়েকটি বিভাগে ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর ২১ ও ২২ আগস্টও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমলেও ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এলাকায় কয়েকটি নদীর পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে। ফলে উজানে ভারী বৃষ্টি হলে নদ-নদীর পানি দ্রুত বাড়ার ঝুঁকি রয়েছে।

এ অবস্থায় সিলেট অঞ্চলে টানা বৃষ্টির পাশাপাশি উজানের ঢল নামলে নদ-নদীর পানি পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *