আর্জেন্টিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য: মিশরের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

আর্জেন্টিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য: মিশরের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত মন্তব্য করার জেরে একটি অংশগ্রহণকারী দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই ফুটবল মহাযজ্ঞ চলাকালীন আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলতে শুরু করে।

ফিফা এবং ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে আর্জেন্টিনা ও তাদের খেলোয়াড়দের; বিশেষ করে কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাতিত্ব দেখানোর অভিযোগ ওঠে।

গত জুনে ৩৯ বছরে পা দেওয়া সত্ত্বেও মেসি ছিলেন টুর্নামেন্টের অন্যতম তারকা।

তবে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার লাল কার্ড থেকে অল্পের জন্য বেঁচে যাওয়ায় অনেক সমর্থক ও বিশ্লেষকই রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

টুর্নামেন্ট যত গড়িয়েছে, বিতর্কিত সিদ্ধান্তগুলো আর্জেন্টিনার অনুকূলে যাওয়ায় এই ষড়যন্ত্র তত্ত্বগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।

ফলে ২০২২ বিশ্বকাপ জয়ীদের প্রতি জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়। এমনকি ‘দুর্নীতির’ অভিযোগে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে অনেকে গণ-স্বাক্ষর বা পিটিশনও শুরু করেন।

 

শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনাকে আসর থেকে ছিটকে দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল মিশর। কিন্তু এক নাটকীয় ও বিতর্কিত প্রত্যাবর্তনের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে নাম লেখান মেসিরা।

ম্যাচ শেষে ‘গোলডটকম’-এর বরাতে মিশরের প্রধান কোচ হোসাম হাসান বলেন, ‘আর্জেন্টিনার চেয়ে আমরাই আজ ভালো দল ছিলাম। কিন্তু ফুটবল সবসময় ন্যায়বিচার করে না। যা ঘটেছে তা ছিল চরম অন্যায়, যদিও ফিফা সবসময় ‘ফেয়ার প্লে’র বুলি আওড়ায়।’

তিনি আরও যোগ করেন, ‘হয়তো বিপণন সংক্রান্ত কারণ এর পেছনে কাজ করছে। তারা চায় না মেসি টুর্নামেন্ট থেকে বিদায় নিক, তারা চায় বর্তমান চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক।’

দলের তারকা খেলোয়াড় মুস্তাফা জিকো আরও আক্রমণাত্মক ভাষায় বলেন, ‘আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতার অভিনন্দন। এই টুর্নামেন্ট পুরোপুরি সাজানো, রেফারি ছিল পক্ষপাতদুষ্ট। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে ছিলেন এবং একটি পুরো জাতির প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছেন।

তারা কি আমাদের আর্জেন্টিনাকে ২-০ গোলে হারাতে দিত? এই টুর্নামেন্ট পাতানো!’

অন্যদিকে হোসাম হাসানের ভাই ও দলের ম্যানেজার ইব্রাহিম হাসান বলেন, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিলাম এবং পথ চলা দীর্ঘ করার সামর্থ্য আমাদের ছিল। কিন্তু রেফারির কিছু দৃশ্যমান ভুল আমাদের ছিটকে দেয়, যা বিশ্ববাসীর সামনে আসল সত্য উন্মোচন করেছে।’

তবে মিশরের এই ‘পাতানো’ ম্যাচ বা দুর্নীতির অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা।

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এখন নিশ্চিত করেছে যে, ফিফা হাসান ভ্রাতৃদ্বয় এবং জিকোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

এক বিবৃতিতে ইএফএ জানায়, ‘২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের পর দেওয়া মন্তব্যের জেরে জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান, ম্যানেজার ইব্রাহিম হাসান ও ফুটবলার মুস্তাফা জিকোর বিরুদ্ধে ফিফা যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে, তার ওপর নজর রাখছে মিশরীয় ফেডারেশন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফেডারেশন ফিফার সব নিয়ম ও পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল। নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ আইনি জবাব ও নথিপত্র প্রদান করা হবে। সেই সঙ্গে সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দেওয়ার পাশাপাশি আইনি পথে মিশরীয় ফুটবলের অধিকার রক্ষায় ফেডারেশন কাজ করে যাবে।’

ফেডারেশন আরও উল্লেখ করে যে, তারা ফেয়ার প্লে’র নীতি ও আয়োজক সংস্থাকে সম্মান জানায় এবং ফিফার যথাযথ কর্তৃপক্ষের কাছে নিজেদের কোচ ও খেলোয়াড়দের স্বার্থ রক্ষার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

নানা বিতর্কের মধ্য দিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও গত ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে যায়। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮