ছয় লাখ টাকা ব্যয়ে আয়োজিত ‘সিলেট বইমেলা ২০২৬’-এর অনুদান হিসেবে ‘পৃষ্ঠপোষক’ প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দেওয়া মাত্র ১০ হাজার টাকার চেক প্রত্যাখ্যান করে আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে ‘প্রকাশক পরিষদ সিলেট’।

গত ২০ জুন ২০২৬ তারিখে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে পাঠানো এক দাপ্তরিক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। সিসিকের কার্যালয়ে চিঠিটি গ্রহণ করে প্রাপ্তিস্বীকার করা হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ মে থেকে ১৬ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়।

এতে শিশু-কিশোর ও অংশগ্রহণকারী নবীন-প্রবীণ অর্ধেকের বেশি শিল্পীদের উদ্বুদ্ধ করতে বই উপহার দেওয়া হয়। সব মিলিয়ে আয়োজনে খরচ হয় প্রায় ছয় লাখ টাকা। সিসিককে সার্বিক ‘পৃষ্ঠপোষক’ রেখে প্রচার-প্রচারণা চালানো হলেও পরবর্তীতে অনুদান হিসেবে মাত্র ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজু এবং সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান স্বাক্ষরিত ওই চিঠিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ‘ছয় লক্ষ টাকা ব্যয় করে আয়োজিত বইমেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে দশ হাজার টাকা অনুদান, যা কখনই কাম্য ছিল না।

শিল্প-সংস্কৃতির পথ সুগম করতে স্থানীয় প্রশাসনের এমন কৃপণতা সত্যিই লজ্জাজনক।’চিঠিতে আরও বলা হয়, পরিষদের সদস্যরা নিয়মিত সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী অগ্রিম আয়কর পরিশোধ করে ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী। তাই নীতিগত জায়গা থেকেই এই সামান্য অনুদান গ্রহণ না করে চেকটি ফেরত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই দাপ্তরিক চিঠির অনুলিপি শিল্প, বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী, রেজাউল হাসান কয়েস লোদী এবং এমদাদ হোসেন চৌধুরীকেও পাঠিয়েছে পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *