খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হয়েছেন খালেদা পারভীন সিনথিয়া। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

খালেদা পারভীন সিনথিয়া বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে চান তিনি। সঠিক গাইডলাইন, প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়াই তার অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ‘খেলাধুলার প্রসার, ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং খুলনার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে আমি কাজ করতে চাই। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তৃণমূল পর্যায় থেকেই উদ্যোগ নিতে হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঠিক প্রশিক্ষণ, গাইডলাইন ও প্র্যাকটিসের সুযোগ তৈরি করতে পারলে তাদের মধ্য থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব।’

খালেদা পারভীন সিনথিয়া আরও বলেন, নির্বাচিত হলে ক্রীড়া সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খুলনা জেলা ক্রীড়া সংস্থাকে আরও কার্যকর ও গতিশীল করার চেষ্টা করবেন। পাশাপাশি প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড়দের যথাযথভাবে পরিচর্যার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে কাজ করবেন।

এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া, আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১৬ আগস্ট) নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০ আগস্ট ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ, ২৩ আগস্ট শুনানি এবং ২৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ৩০ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৪ সেপ্টেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *