বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট নগরীতে হাঁটার জায়গা নেই। শহরের ফুসফুস তৈরির জন্য পুরাতন কারাগারকে একটি পার্কে রূপান্তরের প্রচেষ্টা চলমান রয়েছে। এটি বাস্তবায়িত হলে নগরীর পরিবেশ ও বায়ুর মানে পরিবর্তন আসবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট বিভাগের প্রতিটি উপজেলার গ্রামীণ সড়ক যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন উন্নয়নের জন্য প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প বর্তমান সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু সিলেট জেলা নয়, পুরো সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে বড় অগ্রগতি হবে।
সিলেট নগরীর জলাবদ্ধতাকে নির্বাচনী প্রচারণার সময় নিজের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রায় ৪০০০ কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এই শীত থেকেই এর কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেক, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান সেলিম এবং সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম । অনুষ্ঠানে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।



