সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করা হয়েছে বলে সোমবার রাত থেকে খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এ নিয়ে রাত থেকে চলছে ব্যাপক আলোচনা।
তবে পুলিশ বলছে তাদের কাছে মিসবাহ উদ্দিন সিরাজ আটকের কোন তথ্য নেই। এই আওয়ামী লীগ নেতার পরিবারও বলছে, আটকের খবরটি পুরোই গুজব।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যে বলা হচ্ছে, সোমবার (২৪ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন দালালের সহায়তায় মিসবাহ উদ্দিন সিরাজ ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিজিবি তাকে আটক করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মঙ্গলবার সকালে বলেন, মিসবাহ উদ্দিন সরিাজ আটকের কোন তথ্য আমাদের কাছে নেই। তিনি বলেন, আমরা বিভিন্ন মাধ্যম থেকে এরকম খবর পেয়ে বিজিবির সঙ্গে আলাপ করেছি। তবে এই তথ্যের কোন সত্যতা পাইনি। বিষয়টি আপাতত গুজব মনে হচ্ছে।এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের সাথে মোবাইল ফোনে যোগযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এরমধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে নগরের সাগরদিঘির পাড় এলাকায় তিনি হামলার শিকার হন।



