সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা গ্রামে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে দায়ের করা মামলায় মোঃ শুয়েব আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার প্রথম শুনানিতে আদালত এ আদেশ দেন।

সাইবার পিটিশন মামলা নং- ১৪০, তারিখ- ২৯/০৭/২০২৬। মামলার শুনানির তারিখ- ২৫/০৮/২০২৬, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২, ২৫ ও ২৬ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ (ক), ২৯৮, ৫০০, ৫০৫ (ক) ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে স্থানীয় খুরমা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিদ্দিকুর রহমান মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ জুলাই মোঃ শুয়েব আহমেদ একটি ফেসবুক লাইভে যুক্ত হয়ে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ও যৌন পরিচয় সম্পর্কে বক্তব্য দেন এবং এক ট্রান্সজেন্ডার সঙ্গীর সঙ্গে ভবিষ্যতে বিয়ের পরিকল্পনার কথা প্রকাশ্যে জানান। ওই লাইভের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় একদল মানুষ তাঁর বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ জানান বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, শুয়েব আহমেদ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম, মসজিদ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসার শিক্ষক ও আলেমদের নিয়ে বিভিন্ন বক্তব্য ও পোস্ট দিয়ে আসছেন। এসব বক্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানি এবং সামাজিকভাবে বিভেদ ও উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

মামলার আবেদনে বাদী দাবি করেন, আসামি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মানুষের মধ্যে উত্তেজনা ও বিরোধ সৃষ্টির চেষ্টা করেছেন।

মামলার আসামি মোঃ শুয়েব আহমেদ ছাতক উপজেলার খুরমা গ্রামের এস এম শরীয়ত উল্লাহ ও সুজিয়া বেগমের ছেলে। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে জানা গেছে।

মামলার প্রথম শুনানিতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর আসামিকে গ্রেফতারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে মামলাটি তদন্তের জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *