জাপানে স্থায়ী বসবাসের ফি বাড়ছে ২০ গুণ

জাপানে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য বসবাসের অনুমতি নবায়ন বা পরিবর্তনের ফি বড় ধরনের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ অক্টোবর থেকে নতুন ফি কার্যকর হবে। একই সঙ্গে জাপানে স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) অনুমতির আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বেড়ে ২ লাখ ইয়েন হবে, অর্থাৎ ফি বাড়ছে ২০ গুণ। সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম দ্য জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বর্তমানে জাপানে বসবাসের অনুমতি নবায়ন বা পরিবর্তনের ক্ষেত্রে প্রশাসনিক অফিসের কাউন্টারে আবেদন করলে ফি নির্ধারিত ৬ হাজার ইয়েন। নতুন ব্যবস্থায় অনুমোদিত বসবাসের মেয়াদের ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হবে। পাঁচ বছর বা তার বেশি মেয়াদের অনুমতির ক্ষেত্রে ফি হবে সর্বোচ্চ ৭৫ হাজার ইয়েন।

বাংলাদেশি মুদ্রায়, বর্তমানে ১ ইয়েনের মূল্য প্রায় ০.৭৭২ টাকা ধরে হিসাব করলে ৬ হাজার ইয়েনের ফি প্রায় ৪ হাজার ৬৩২ টাকা। নতুন সর্বোচ্চ ৭৫ হাজার ইয়েনের ফি দাঁড়াবে প্রায় ৫৭ হাজার ৯০০ টাকা। অর্থাৎ সর্বোচ্চ ফি ক্ষেত্রে বাড়ছে প্রায় ৫৩ হাজার ২৬৮ টাকা, যা বর্তমানের তুলনায় ১২.৫ গুণ।

নতুন ফি কত

প্রশাসনিক অফিসের কাউন্টারে বসবাসের মেয়াদ অনুযায়ী নতুন ফি হবে—

৩ মাস পর্যন্ত: ১০ হাজার ইয়েন ≈ ৭ হাজার ৭২০ টাকা

১ বছর: ৩৩ হাজার ইয়েন ≈ ২৫ হাজার ৪৭৬ টাকা

৩ বছর থেকে ৫ বছরের কম: ৬৪ হাজার ইয়েন ≈ ৪৯ হাজার ৪০৮ টাকা

৫ বছর বা তার বেশি: ৭৫ হাজার ইয়েন ≈ ৫৭ হাজার ৯০০ টাকা

বর্তমান ৬ হাজার ইয়েন বা প্রায় ৪ হাজার ৬৩২ টাকার তুলনায় পাঁচ বছর বা তার বেশি মেয়াদের ক্ষেত্রে ফি ৬৯ হাজার ইয়েন বা প্রায় ৫৩ হাজার ২৬৮ টাকা বাড়ছে।

সবচেয়ে বড় পরিবর্তন আসছে স্থায়ী বসবাসের অনুমতির আবেদনে। বর্তমানে এ ফি ১০ হাজার ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৭২০ টাকা। অক্টোবর থেকে তা বেড়ে হবে ২ লাখ ইয়েন, অর্থাৎ প্রায় ১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।

অর্থাৎ ফি বাড়ছে ১ লাখ ৯০ হাজার ইয়েন, বা প্রায় ১ লাখ ৪৬ হাজার ৬৮০ টাকা। শতাংশের হিসাবে এটি ১,৯০০ শতাংশ বৃদ্ধি এবং বর্তমান ফি-এর ২০ গুণ।

মে মাসে প্রণীত সংশোধিত অভিবাসন নিয়ন্ত্রণ ও শরণার্থী স্বীকৃতি আইনে বসবাসের অনুমতি-সংক্রান্ত ফি বাড়ানোর সুযোগ রাখা হয়। সংশোধিত ব্যবস্থায় বসবাসের অনুমতি পরিবর্তন বা নবায়নের ক্ষেত্রে আইনি সর্বোচ্চ ফি ১ লাখ ইয়েন এবং স্থায়ী বসবাসের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ ইয়েন নির্ধারণ করা হয়েছে। পরে সরকারের অধ্যাদেশে প্রকৃত ফি হিসেবে সর্বোচ্চ যথাক্রমে ৭৫ হাজার ও ২ লাখ ইয়েন নির্ধারণ করা হয়েছে।

জাপানের অভিবাসন পরিষেবা সংস্থার (আইএসএ) ব্যাখ্যা অনুযায়ী, বিদেশিদের প্রবেশ ও বসবাস ব্যবস্থাপনা আরও জোরদার করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যয় এবং সংশ্লিষ্ট কার্যক্রমের খরচ বিবেচনায় নিয়ে ফি বাড়ানো হয়েছে।

অর্থনৈতিক সংকটে থাকা এবং বিশেষ মানবিক বিবেচনার প্রয়োজন রয়েছে—এমন নির্দিষ্ট শ্রেণির বিদেশি নাগরিকদের জন্য ফি কমানো বা কিছু ক্ষেত্রে মওকুফের সুযোগ রাখা হয়েছে। নতুন ব্যবস্থায় যোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বসবাসের অনুমতি পরিবর্তন বা নবায়নের ফি ১০ হাজার ইয়েন পর্যন্ত এবং স্থায়ী বসবাসের অনুমতির ফি ২০ হাজার ইয়েন পর্যন্ত কমানো যেতে পারে।

জনসাধারণের মতামত নেওয়ার পর মানবিক বিবেচনায় ফি কমানোর যোগ্যতার পরিধিও বাড়ানো হয়েছে। এর মধ্যে এমন বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা এককভাবে জাপানি নাগরিক বা বিশেষ স্থায়ী বাসিন্দার সন্তানদের লালন-পালন করেন। পাশাপাশি এমন কিছু ক্ষেত্রও রাখা হয়েছে, যেখানে বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করাকে অমানবিক হিসেবে বিবেচনা করা হতে পারে।

বিশেষ স্থায়ী বাসিন্দা বলতে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই জাপানে বসবাস করে আসা এবং যুদ্ধের পর জাপানি নাগরিকত্ব হারানো ব্যক্তিদের পাশাপাশি তাদের বংশধরদের বোঝানো হয়।

নতুন ফি আগামী ১ অক্টোবর থেকে গৃহীত আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করা হলে, অনুমোদন ১ অক্টোবরের পর হলেও পুরোনো ফি প্রযোজ্য থাকবে বলে জাপানের অভিবাসন পরিষেবা সংস্থা জানিয়েছে।

অর্থাৎ, নতুন নিয়মে জাপানে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি নবায়ন বা স্থায়ী বসবাসের আবেদন করতে বিদেশি নাগরিকদের আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি অর্থ ব্যয় করতে হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০