সরকারি কোনো প্রটোকল ছাড়াই স্কুল-কলেজের বন্ধুদের সঙ্গে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শুক্রবার ও শনিবার (২৯ আগস্ট) হাউজবোটে চড়ে টাঙ্গুয়ার হাওরে ঘোরেন তিনি।
এ সময় সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যদের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। পর্যটকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের সঙ্গে ছবি তোলেন। টাঙ্গুয়ার হাওরের পাশে শহীদ সিরাজ লেক, শিমুলবাগান ও যাদুকাটা নদীতেও ঘুরে বেড়ান তিনি। দুপুরে বন্ধুদের সঙ্গে যাদুকাটা নদীতে গোসলও করেন।
প্রতিমন্ত্রীর এ ঘোরাঘুরির বিষয়টি ফেসবুকে তুলে ধরেছেন পর্যটন উদ্যোক্তা এবং আটলান্টিস ও ফ্যালকন হাউজবোটের স্বত্বাধিকারী ইফতেখার হামিদ।
ইফতেখার হামিদ শুক্রবার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘মতিঝিল আইডিয়াল স্কুল ১৯৮৮ ব্যাচ ও নটরডেম ১৯৯০ ব্যাচের বন্ধুরা ঘুরতে এসেছে আজ ‘অ্যাটলান্টিস-দ্য ইনফিনিটি হাউস বোট’-এ। বন্ধুদের মধ্যে একজন বুকিং করেছেন আমাদের, তিনিও জানান নাই যে আমাদের ট্রিপে আজ একজন প্রতিমন্ত্রী আছেন। সকল পরিচয় ঢাকা রেখেই ট্রিপে এসেছেন শুধুমাত্র ৮৮ ব্যাচের বন্ধু পরিচয়েই।’
শনিবার আরেকটি পোস্টে ইফতেখার হামিদ জানান, গতকাল শুক্রবার স্কুলের বন্ধুদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসেছেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। গতকাল সন্ধ্যায় তিনি লাকমাছড়া ভিজিট করেছেন এবং সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যদের খোঁজ নিয়েছেন। আজ সকালে তিনি ও তাঁর বন্ধুরা শহীদ সিরাজ লেক (নীলাদ্রী) ঘুরতে যান। এ সময় ঘুরতে আসা পর্যটকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি লেখেন, ‘কোনো ধরনের প্রটোকল ছাড়া একজন স্টেট মিনিস্টার ঘুরতে এসেছেন হাওরে। টিম ‘অ্যাটলান্টিস-দ্য ইনফিনিটি হাউস বোট’ ও জানতো না মন্ত্রী আসবেন। আমাদের হাউজবোটে তিনি গত বছর ঘুরে গেছেন উনারা রাজনৈতিক বন্ধুদের নিয়ে, এই বছর এসেছেন আইডিয়াল স্কুলের বন্ধুদের নিয়ে।’
ইফতেখার হামিদ আরও লেখেন, ‘পুরো ট্রিপে তিনি (প্রতিমন্ত্রী হাবিব) খুব প্রাণবন্ত আর হাস্যমুখ ছিলেন, উনার হাস্যরস আর সেন্স অব হিউমার মারাত্মক। মুগ্ধতা ছড়ানো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রতিমন্ত্রী হাবিব ভাই।’
এদিকে সাধারণ পর্যটকের মতো প্রতিমন্ত্রীর হাওরে ঘুরে বেড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন নেটিজেন ও অন্য পর্যটন উদ্যোক্তারা।
টাঙ্গুয়ার হাওরে হাউজবোট মালিকদের সংগঠন হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শনিবার তাদের ফেসবুক পেজে প্রতিমন্ত্রী ও তাঁর বন্ধুদের একাধিক ছবি শেয়ার করেছে। ‘সাদামনের মানুষ ও টাঙ্গুয়ার হাওরের মুগ্ধতা!’ শিরোনামে দেওয়া পোস্টে তারা লিখেছে, ‘কোনো প্রকার বাড়তি প্রটোকল বা ভিআইপি নিরাপত্তার আড়ম্বর নেই। একেবারে সাধারণ একজন পর্যটকের মতোই বন্ধু সার্কেল নিয়ে টাঙ্গুয়ার হাওরের জল-জোছনা ও প্রকৃতির অপার সান্নিধ্যে ভেসে বেড়ালেন ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব।
গতবছরও তিনি টাঙ্গুয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুরে গিয়েছিলেন। এবারও তার এই সাদামাটা ও বিনয়ী উপস্থিতি আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। হাউজবোটের ছাদে সাধারণের মতো সময় কাটানো কিংবা হাওরের প্রকৃতিতে বন্ধুদের সাথে মেতে ওঠার এই অনাড়ম্বর রূপ সত্যিই দৃষ্টান্তমূলক।



