ইনস্টাগ্রামে শর্ট-ফর্ম ভিডিও সহজ করতে আসছে নতুন ফিচার

ইনস্টাগ্রামে শর্ট-ফর্ম ভিডিও বা রিলস সম্পাদনার কাজ আরও সহজ করতে নতুন ফিচার ‘ফার্স্ট ড্রাফট’ চালু করছে প্ল্যাটফর্মটির মূল কোম্পানি মেটা। নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিওর অপ্রয়োজনীয় নীরবতা ও বিভিন্ন বিরতি স্বয়ংক্রিয়ভাবে ছেঁটে ফেলা যাবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফিচারটির ফলে ভিডিও পরিষ্কার ও সম্পাদনার প্রাথমিক কাজ করতে ব্যবহারকারীদের কম সময় ব্যয় হবে। এতে তারা ভিডিওর সৃজনশীল দিকের দিকে বেশি মনোযোগ দিতে পারবেন।

ইনস্টাগ্রাম জানিয়েছে, ফিচারটি ব্যবহার করতে রিলস গ্যালারি থেকে পছন্দের ভিডিও ক্লিপ নির্বাচন করে ‘ফার্স্ট ড্রাফট’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ভিডিও বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় অংশ ও বিরতি ছেঁটে দেবে এবং সম্পাদিত ক্লিপগুলো টাইমলাইনে সাজিয়ে দেবে।

এরপর ব্যবহারকারীরা চাইলে তৈরি হওয়া ভিডিও সরাসরি পোস্ট করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও সম্পাদনার সুযোগও থাকবে। নতুন ফুটেজ ধারণ করার পরপরই ফিচারটি ব্যবহার করা যাবে।

রিলস তৈরির অভিজ্ঞতা আরও সহজ করতে এর আগে ২০২৫ সালের এপ্রিলে ‘এডিটস’ নামে একটি স্বতন্ত্র ভিডিও এডিটিং অ্যাপ চালু করেছিল মেটা। অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর বেশ কিছু এডিটিং ফিচার যুক্ত করা হয়েছিল।

তবে ‘ফার্স্ট ড্রাফট’ ঘোষণার সময় মেটা ফিচারটিতে এআই ব্যবহারের কথা উল্লেখ করেনি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটিতে সরাসরি এআই প্রযুক্তি ব্যবহার করা হয়নি।

মেটা এটিকে এআইয়ের পরিবর্তে ‘মেশিন লার্নিং’ প্রযুক্তিনির্ভর ফিচার হিসেবে উপস্থাপন করেছে। এর মাধ্যমে ভিডিওর অপ্রয়োজনীয় নীরবতা ও বিরতি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো বাদ দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে চ্যাটবট থেকে শুরু করে প্রম্পটের মাধ্যমে স্টোরি সম্পাদনাসহ বিভিন্ন এআইনির্ভর সুবিধা নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম। এসব উদ্যোগের মধ্যে ‘ফার্স্ট ড্রাফট’ ব্যবহারকারীদের দৈনন্দিন ভিডিও সম্পাদনার কাজে তুলনামূলকভাবে সরাসরি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

মেটা জানিয়েছে, আপাতত ফিচারটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘ফার্স্ট ড্রাফট’ কবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি কোম্পানিটি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১১:৫৬
  • ৪:২৪
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৩৩