কানাডা থেকে নির্দিষ্ট ধরনের দুগ্ধজাত পণ্য, মদ ও মোটরযান আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানায় হোয়াইট হাউস।
নতুন নিষেধাজ্ঞা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এ ছাড়া কানাডার গাড়ি ও অ্যালকোহলজাত পণ্যের ওপর আগে থেকে থাকা ৫০ শতাংশ শুল্কের আওতা পরিবর্তনের পৃথক সিদ্ধান্ত আগামী ১৫ সেপ্টেম্বর কে কার্যকর হবে।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রে আমদানি করা হলেও ভোগের জন্য এখনো ছাড়পত্র না পাওয়া পণ্যগুলো আগের ৫০ শতাংশ শুল্কের আওতাতেই থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি ও দুগ্ধজাত পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করায় পাল্টা পদক্ষেপ হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা বেশ কিছু ধরনের পণ্য নিষিদ্ধ করছি। এর মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য। অধিকাংশ অ্যালকোহলিক পণ্যও এর আওতায় পড়বে… এবং আমরা কানাডা থেকে মোটরযান আমদানি নিষিদ্ধ করেছি।’
তিনি বলেন, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা, পাল্টা পদক্ষেপ ঠেকানো এবং অবশ্যই মার্কিন উৎপাদন সুরক্ষিত রাখা।
প্রশাসনের ওই কর্মকর্তা আরো জানান, গত ২০ জুলাই প্রথম দফায় আরোপ করা শুল্কের আওতা কিছুটা পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে সিমেন্টের মতো কিছু পণ্যকে শুল্কের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক যানবাহন, নির্দিষ্ট কিছু ধরনের পনির ও মোটরবোটের মতো পণ্য নতুন করে শুল্কের আওতায় আনা হয়েছে।
সূত্র: আনাদোলু



