ফোবানা সম্মেলন

টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী

টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী

পেশাগত দায়িত্ব পালনে সাহসী ভূমিকা ও ফোবানা-সংক্রান্ত সংবাদ প্রকাশে অবদানের স্বীকৃতি হিসেবে টানা পঞ্চমবারের মতো ‘সাহসী সাংবাদিকতার সম্মাননা’ পেয়েছেন প্রবাসী সাংবাদিক ও বাংলা প্রেসের সম্পাদক ছাবেদ সাথী।

 

গত পাঁচ বছর ধরে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, নির্বাহী কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ বিরোধ এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জন্য তাকে ‘ফোবানা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়।

 

স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের বলরুমে ৪০তম ফোবানা সম্মেলনের তৃতীয় দিনে তার হাতে এ সম্মাননা তুলে দেন সম্মেলনের পুরস্কার ও অতিথি নির্বাচন কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন।

 

এর আগে ২০২২ সালে শিকাগো, ২০২৩ সালে ডালাস, ২০২৪ সালে ভার্জিনিয়া এবং ২০২৫ সালে আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে ছাবেদ সাথীকে একই সম্মাননা দেওয়া হয়।

 

২০২০ সালে কোভিড-১৯ মহামারির পর ফোবানার নির্বাহী কমিটি গঠন ও নেতৃত্ব নিয়ে সংগঠনটির ভেতরে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের ঘটনাও ঘটে। একপর্যায়ে একটি পক্ষ পৃথক কমিটি গঠন করে আলাদাভাবে ফোবানা সম্মেলনের আয়োজন করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এ সময় ফোবানা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করেন ছাবেদ সাথী। তার প্রকাশিত কিছু প্রতিবেদনের কারণে তাকে আইনি নোটিশ ও মামলার হুমকিও দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

 

ফোবানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৪ জুলাই গঠনতন্ত্রবিরোধী ও সংগঠনের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস এবং ইউনাইটেড বাংলাদেশ আমেরিকান কমিউনিটি অব টেক্সাসকে বহিষ্কার করা হয়। এরপর সংগঠন দুটির পক্ষ থেকে ফোবানার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও প্রচারণা চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

 

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিক ও বাংলা প্রেসের সম্পাদক ছাবেদ সাথী বলেন, “সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব ছিল ঘটনাকে যেমন দেখেছি, তেমনভাবেই পাঠকের সামনে তুলে ধরা। প্রশংসা যেমন লিখেছি, তেমনি প্রয়োজনে কঠিন প্রশ্নও করেছি। কারণ সাংবাদিকতার প্রথম শর্ত ব্যক্তি নয়, সত্যের প্রতি দায়বদ্ধতা।”

 

তিনি আরও বলেন, “যুক্তি ও তথ্যভিত্তিক সমালোচনা কোনো সংগঠনের শত্রু নয়; বরং সেটিই তাকে আরও পরিণত ও শক্তিশালী করে।”

 

কোভিড-১৯ পরবর্তী সময়ে ফোবানার নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই সময়ে একজন সাংবাদিক হিসেবে যা দেখেছেন, যাচাই করেছেন এবং কমিউনিটির জন্য প্রয়োজনীয় মনে করেছেন, সেগুলোই প্রকাশ করেছেন।

 

১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ফোবানা উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনকে নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির বিভিন্ন কার্যক্রম, নেতৃত্ব ও অভ্যন্তরীণ বিরোধ নিয়ে সময় সময়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫