সিলেট শহরকে একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা কঠোরভাবে অনুসরণের ওপর জোর দিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। চার দিনব্যাপী অনুষ্ঠিত অংশীজন সভার শেষ দিনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ‘সিলেট এপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ’ (সারেগ)-এর প্রতিনিধিদের সঙ্গে সিউকের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সিউকের নির্বাহী পরিচালক সাদিদ উর রহিম জাদিদের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
সভায় সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেটকে একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে আবাসন খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্যবসায়ীদের রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ও বিধিমালা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।” ব্যবসায়ীদের সুবিধার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “নিয়ম মেনে কাজের প্রক্রিয়ায় গতি আনতে এবং ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে আংশিক ব্যবহার ছাড়াপত্র প্রদানের ব্যবস্থাও রাখা হবে, যাতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভবনের প্রস্তুতকৃত অংশ ব্যবহার করা সম্ভব হয়।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপের (সারেগ) সভাপতি মো. আব্দুল মুক্তাদির, সেক্রেটারি দিলওয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাহ আশিকুর রহমান, সদস্য মো. মজিবুর রহমান, নেহাল আহমদ, মো. মুহিবুর রহমান, আব্দুস শহীদ, মো. জহির হোসেন মোল্লা, সুব্রত চন্দ্র মল্লিক, মো. নাজমুল খান, মো. লিয়াকত আলী, আশফাকুল আলম, সি. এম. অলিউর রহমান, জাহাঙ্গীর আলম, শাহজাহান কবির (নাসিম) ও শিবির আহমদ প্রমুখ।
সভায় সারেগ নেতৃবৃন্দ সিলেটের টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সকল ইতিবাচক পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।



