সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামের তরুণ রিজভী ইসলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন। পরিবারের দাবি, দেশ ছাড়ার অল্প সময়ের মধ্যেই এমন একটি প্রতিযোগিতামূলক সংস্থায় যুক্ত হওয়া তাঁর জন্য এক ধরনের রেকর্ড সৃষ্টি করেছে।
পরিবারের তথ্য অনুযায়ী, রিজভী ইসলাম কানলী গ্রামের শাহিনুল ইসলাম ওরফে দুলালের ছেলে। ২০২৪ সালে তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর থেকেই তিনি নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে প্রস্তুতি শুরু করেন এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
রিজভীর চাচা সাইদুল ইসলাম সেলিম জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই রিজভী নিয়মিতভাবে নিজেকে প্রস্তুত করছিলেন। প্রয়োজনীয় ধাপগুলো শেষ করে তিনি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক-সংশ্লিষ্ট বিভাগে কাজের সুযোগ পান।
পরিবার জানায়, তুলনামূলক স্বল্প সময়ে এ ধরনের চাকরি পাওয়ায় রিজভীর এই অর্জনটি ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। তাঁর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয়রা বলছেন, বিয়ানীবাজারের একজন তরুণ হিসেবে বিদেশের একটি গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীতে কাজের সুযোগ পাওয়া রিজভীর অধ্যবসায় ও পরিশ্রমেরই ফল।



