রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে আনন্দ র্যালিটি শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহায়ক কর্মচারী সমিতির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিবহন কর্মচারী সমিতির কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সাদেক আহমেদ, কারিগরি কর্মচারী সমিতির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের নির্বাহী সদস্য সোহেল আহমদ, যুগ্ম সম্পাদক জোসেদ আলম, সহায়ক পরিবহন সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি রমজান আহমদ।
কর্মচারী ইউনিয়নের সভাপতি রমজান আহমদ বলেন, ‘বেতন বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে আমরা সিলেটসহ ঢাকায় বিভিন্নভাবে আমাদের ন্যায্য দাবি সরকারের কাছে উপস্থাপন করে আসছি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই আমাদের দীর্ঘদিনের দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন করে গেজেট প্রকাশ করেছে। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ‘কর্মচারীদের কল্যাণসহ আমরা যে যে দপ্তরেই থাকি না কেন, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সবাই মিলে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।



