শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দ্বীনি, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হয়েছে।
২০১৭ সালে যাত্রা শুরু করা মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকেই আধুনিক সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার অন্যতম সুনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে মাদ্রাসা ক্যাম্পাসে
অনুষ্ঠানটি মৌলভীবাজার এডুকেশন সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুস সবুর এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার এডুকেশন সোসাইটির জেনারেল সেক্রেটারি জয়নাল আবেদীন এবং এক্সিকিউটিভ মেম্বার হাফেজ হাসান আহমেদ চৌধুরী এর যৌথ সঞ্চালনায় পরিচালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিদের বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হযরত মাওলানা সাইদুর রহমান (দা.বা.), পীর সাহেব বরুণা মাদরাসার শিক্ষার্থীদের কাফন প্রদর্শনী ও জানাজার নামাজের প্রদর্শনী দেখে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান (ভিপি মিজান) বলেন, মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ গড়ার কারিগর হিসেবে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার এডুকেশন সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার মাওলানা ইসমাইল হোসেন, ট্রেজারার ওসমান গণি শাকিল, জয়েন সেক্রেটারি মো. বশর আলী খান, এক্সিকিউটিভ মেম্বার হাফেজ মাওলানা শামসুল ইসলাম তরফদার এবং সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ সাইফুর রহমান। সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার এডুকেশন সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার সৈয়দ তালহা আহমদ এবং মো. আশিকুর রহমান।
এছাড়াও সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শায়খ আব্দুর রহিম শমসেরগঞ্জি, মাওলানা জাকারিয়া হোসাইন,মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, মুর্শেদ আহমদ শাহাজান, শামিম আহমদ প্রমুখ।
এছাড়াও শিক্ষার্থীরা কাফন পরানোর ব্যবহারিক প্রদর্শনী ও জানাজার নামাজের প্রদর্শনী উপস্থাপন করে। এসব পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য ও নসিহত প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
মাদরাসা কর্তৃপক্ষ জানান নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য উন্নত ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ,উন্নত কম্পিউটার ল্যাব,সমৃদ্ধ লাইব্রেরি এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের বিভিন্ন সুযোগ-সুবিধা।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজ বিভাগও চালু রয়েছে। আধুনিক সাধারণ শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা, নৈতিকতা,শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।



