“Adequate Housing for All” প্রতিপাদ্যে আগামী ৫ অক্টোবর দেশব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আজ সোমবার সকাল ১১টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) সভাকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সিউক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো: সাদি উর রহিম জাদিদ।
সভায় সিদ্ধান্ত হয়, এবারের দিবসটি সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে দুই দিনব্যাপী উদযাপন করা হবে। আয়োজনে জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর, ডেভেলপার প্রতিষ্ঠান, হাউজিং লোন প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আইডিইবি, আইইবি, আইএবি, বিআইপি এবং ইউটিলিটি সেবা প্রতিষ্ঠানের স্টল থাকবে। সিউকের স্টলে দর্শনার্থীরা আবাসন-সংক্রান্ত সমস্যা ও মতামত লিখিতভাবে জানাতে পারবেন এবং সিউকের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য পাবেন।
অনুষ্ঠানে র্যালী, আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান, স্থাপত্য ও পরিকল্পনা বিষয়ের শিক্ষার্থীদের আইডিয়া প্রতিযোগিতা ও পোস্টার প্রেজেন্টেশন এবং সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পেশাজীবি সংগঠন, ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক কলেজ, স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়। প্রচারণার জন্য লিফলেট বিতরণ, মাইকিং, টেলিভিশন ও রেডিওতে প্রচার এবং টি-শার্ট ও ক্যাপ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেন, যেকোনো আবাসন প্রকল্পে শিশুদের খেলার মাঠ ও হাঁটার জায়গা রাখা বাধ্যতামূলক হওয়া উচিত। সবার জন্য পর্যাপ্ত ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ-এর প্রতিনিধি, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর প্রতিনিধি, জেলা প্রশাসক, সিলেট-এর প্রতিনিধি, শাবিপ্রবির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান, লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী, আইএবির সাধারণ সম্পাদক স্থপতি রাজন দাস, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাস, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্ল্যানার, উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরাও সভায় অংশ নেন।



