শাবিপ্রবি ছাত্রদল নেতার সহায়তায় চুরি হওয়া ফোন উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহ পরানের সহায়তায় দুই সন্দেহভাজন চোরকে আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফোনটি উদ্ধার করা হয়।

 

গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসাইনের ভাড়া বাসা থেকে তার ব্যবহৃত ভিভো এক্স২০০ প্রো মডেলের মোবাইল ফোনটি চুরি হয়। ফোনটির মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জালালাবাদ থানায় করা অভিযোগে উল্লেখ করেন তিনি।

 

অভিযোগে শাহরিয়ার হোসাইন জানান, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে তিনি জালালাবাদ থানাধীন নোয়াখুরুমখলা এলাকার একটি ভাড়া বাসায় নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তার কক্ষে প্রবেশ করে মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায়। ঘুম থেকে উঠে ফোনটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন তিনি। একপর্যায়ে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে বিষয়টি নিয়ে বাসার মালিক ও পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন তিনি।

 

শাহরিয়ার বিষয়টি ছাত্রদল নেতা শাহ পরানকে জানালে তার কাছে থাকা সিসিটিভি ফুটেজ দেখেন শাহ পরান। পরে টুকেরবাজার এলাকায় খোঁজ নিতে গিয়ে ফুটেজে চোরের মতো চেহারার একজনকে দেখতে পান, পরে তার খোঁজ করতে থাকেন তিনি। টুকেরবাজার থেকে চোর উধাও হয়ে যায়। শাহ পরান বুঝতে পারে চোর তেমুখির দিকে যেতে পারে। তাই তিনি তেমুখিতে গিয়ে খুঁজতে থাকেন।

 

শাহ পরান বলেন, ‘পরে তাকে খুঁজতে খুঁজতে আমরা তেমুখীতে আসি এবং চোরকে একটি হোটেলে দেখতে পায় । ওই ব্যক্তি পেশায় সিএনজিচালক হওয়ায় তাকে রিজার্ভ ভাড়ার কথা বলে কৌশলে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে নিয়ে আসি। পরে জালালাবাদ থানায় ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ সেখানে আসে।’

 

তিনি বলেন, ‘এর মধ্যে আমরা ওই ব্যক্তিকে দিয়ে আরেকজনকে ফোন করাই এবং তাকে বিশ্ববিদ্যালয়ের গেটে আসতে বলি। পরে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তাকে ধরে শাহপরান হলের অতিথিকক্ষে নিয়ে আসা হয়। এর মধ্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে আসেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

 

শাহ পরান আরো বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, চুরি করা ফোনটি করিমউল্লাহ মার্কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সেখানে গেলে জানতে পারি, ফোনটি এরই মধ্যে তিন থেকে চারবার বিক্রি হয়ে গেছে। পরে পুলিশের সহায়তায় ফোনটি উদ্ধার করা হয়।’

 

জালালাবাদ থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই মোস্তাফিজ বলেন, ‘ওসি স্যারের নির্দেশনায় আমরা সেখানে যাই। সেখানে গিয়ে দেখি, শাহ পরান ভাইয়ের সহায়তায় দুইজনকে আটক রাখা হয়েছে। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করতে সক্ষম হই।’

 

ফোনটি ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসাইন বলে জানান শাহ পরান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০