এআই দিয়ে ছবি বিকৃত করে প্রচার করায় সিলেটে গ্রেফতার ২

সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক নারীর ছবি বিকৃত করে কুরুচিপূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক প্রেমিক-প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সজনপুর গ্রামের পিকলু সরকার (৩০) ও একই উপজেলার খাঘাউড়া গ্রামের তুষ্টি তালুকদার (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা এক নারীর ফেসবুক প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে অশ্লীলভাবে সম্পাদনা করেন। পরে বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীর স্বামী ও পরিবারের সদস্যদের মোবাইল ফোনেও পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। পরে মামলাটির তদন্তভার পায় পিবিআই সিলেট।

পিবিআই জানায়, তদন্তের অংশ হিসেবে ডিজিটাল ফরেনসিক ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর দুজনকে আদালতে হাজির করা হলে পিকলু সরকার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানিয়েছে পিবিআই। পরে আদালত জবানবন্দি গ্রহণ করে দুজনকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পিবিআই আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কারও ইন্ধন বা সম্পৃক্ততা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত শেষ করে দ্রুত আদালতে পূর্ণাঙ্গ অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০