ইসলামী ব্যাংকে পরীক্ষা বিজ্ঞপ্তি ছাড়াই ৮ হাজার নিয়োগ : সিভি নেয়া হতো এস আলমের বাড়িতে রাখা বাক্সে 

ইসলামী ব্যাংকে পরীক্ষা বিজ্ঞপ্তি ছাড়াই ৮ হাজার নিয়োগ : সিভি নেয়া হতো এস আলমের বাড়িতে রাখা বাক্সে 

নিজাম উদ্দিন সালেহ :

২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ নেওয়ার পর চরম নিয়োগ-বাণিজ্যের রাজত্ব কায়েম করেছিল এস আলম গ্রুপ। কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই ব্যাংকটিতে ৮ হাজার ৫৪২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়।

এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, নিয়োগের জন্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেওয়া হতো এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের (এস আলম) চট্টগ্রামের পটিয়ার বাড়ি ও আছদগঞ্জের কার্যালয়ে রাখা বিশেষ বাক্সে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদনে ইসলামী ব্যাংকের গত সাড়ে আট বছরের এসব নজিরবিহীন অনিয়মের চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে মোট ১০ হাজার ৮৩২ জন নিয়োগ পান। এর মধ্যে ৮ হাজার ৯৯ জন বা প্রায় ৭৫ শতাংশই চট্টগ্রাম জেলার বাসিন্দা। আরও নির্দিষ্ট করে বললে, ৫ হাজার ১৪৮ জনের (মোট নিয়োগের প্রায় ৪৮ শতাংশ) বাড়ি এস আলমের নিজ উপজেলা পটিয়ায়। এই নিয়োগের কারণে ব্যাংকের বেতন ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির পাশাপাশি চরম আঞ্চলিক মেরুকরণ ও কেন্দ্রীভূত ঝুঁকি তৈরি হয়। সারা দেশের যোগ্য ও মেধাবী প্রার্থীরা চরমভাবে বঞ্চিত হন।

প্রতিবেদনে বলা হয়, ‘পটিয়া জেনারেল’, ‘পটিয়া ক্যাশ’, ‘মহিলা ক্যাশ’ ইত্যাদি নামে চিহ্নিত বাক্সে সিভি জমা নেওয়া হতো। সেখান থেকে পছন্দমতো তালিকা করে সরাসরি নিয়োগপত্র ইস্যু করা হতো। এসব প্রার্থীর কোনো লিখিত বা মৌখিক পরীক্ষার মূল্যায়নপত্র ব্যাংকের মানবসম্পদ বিভাগে নেই।

এমনকি প্রবেশনারি অফিসার (পিও) পদেও চরম অনিয়ম করা হয়। ২০১৯ সালে ২৪তম পিও ব্যাচে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই চট্টগ্রাম থেকে সংগৃহীত ৭৮০ জনের সিভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পাঠানো হয়। চট্টগ্রামের প্রার্থীদের সুবিধা দিতে লিখিত পরীক্ষার পাস নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২০ শতাংশ করা হয়। এছাড়া চট্টগ্রামের ১২ জন সংখ্যালঘু প্রার্থীকে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মৌখিক পরীক্ষার বোর্ডে পাঠিয়ে নিয়োগ দেওয়া হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০