শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফাতিমাতুজ জাহরা হলে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা ও জীবনযাত্রার মান উন্নয়নে একের পর এক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। নতুন পানি ফিল্টার ও মোটর স্থাপন, ওয়াকওয়ে ও ব্রিজ উন্নয়ন, ডাইনিং সুবিধা সম্প্রসারণ, প্রয়োজনীয় ফ্রিজ ও আসবাবপত্র সরবরাহ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগে বদলে যাচ্ছে হলটির সামগ্রিক পরিবেশ।
হল সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পানির সুবিধা বাড়াতে নতুন পানি ফিল্টার ও মোটর স্থাপন করা হয়েছে। পাশাপাশি হলের হাঁটার পথ (ওয়াকওয়ে) ও ব্রিজের নির্মাণ ও উন্নয়নকাজ করা হয়েছে।
শিক্ষার্থীদের খাবারের সুবিধা বাড়াতে ডাইনিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় ফ্রিজ ও আসবাবপত্র ক্রয়ে সহায়তা দেওয়া হয়েছে।
এ ছাড়া হলের পরিবেশ সবুজ ও নান্দনিক করতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের সুবিধা বাড়াতে হলের ব্রিজ উন্নয়নেও সহায়তা করা হয়েছে।
হলের এক শিক্ষার্থী সুরাইয়া খাতুন বলেন, ‘হলের পানি, ডাইনিং ও চলাচলের পথসহ বিভিন্ন সুবিধার উন্নয়ন হওয়ায় আমাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয়েছে। বিশেষ করে পানির সমস্যা সমাধান হওয়ায় শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও হলের অন্যান্য সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।’
এ বিষয়ে ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমাত আরা বলেন, ‘হলের এসব উন্নয়নমূলক কার্যক্রমে আমার কোনো কৃতিত্ব নেই। এর সব কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের। শিক্ষার্থীদের সুবিধা ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এসব উন্নয়নকাজে সহযোগিতা করেছেন। এজন্য তাঁর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও হলের সার্বিক পরিবেশ উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।’



