আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
পরিদর্শনকালে সরকারের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং চিকিৎসাধীন গুরুতর আহত প্রত্যেককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে নগদ জরুরি অর্থ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, রোববার রাত পৌনে ৭টার দিকে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের ‘প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড’-এর চত্বরে এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, এটি প্রাথমিক সহায়তা মাত্র। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোকে অতিরিক্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে আমরা হাসপাতালে এসেছি। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, সরকার এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীদ্বয়ের সাথে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, যুগ্মসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার এবং উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট হাসপাতালসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



