ফিলিস্তিনে শিশুদের জন্য দুটি ফুটবল মাঠ বানাল ফিফা

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের নিরাপদে ফুটবল খেলা ও সময় কাটানোর সুযোগ তৈরি করতে দুটি নতুন ‘ফিফা অ্যারেনা’ চালু করেছে ফিফা। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটি স্থানীয় শিশুদের নিয়মিত খেলাধুলার নতুন ঠিকানা হয়ে উঠবে।

মাঠ দুটি তৈরি হয়েছে পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে মারাহ রাবাহ এবং উত্তরাঞ্চলের কুসিনে। ফিফা ও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এতে আর্থিক সহায়তা দিয়েছে সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স।

পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চলাচলে বিধিনিষেধ ও নানা প্রতিবন্ধকতার কারণে শিশুদের শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ অনেক ক্ষেত্রে সীমিত হয়ে পড়েছে। এমন বাস্তবতায় নতুন মাঠ দুটি তাদের নিয়মিত ফুটবল খেলা ও শরীরচর্চার সুযোগ করে দেবে।

মাঠ দুটির উদ্বোধন ঘিরে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ইউনাইট ফর পিস: কিডস কাপ’। এতে স্থানীয় ১৪টি দলের প্রায় ১৬০ শিশু অংশ নিচ্ছে। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার পাশাপাশি শিশু ও স্থানীয় বাসিন্দাদের জন্য থাকছে বিভিন্ন ফুটবলভিত্তিক কার্যক্রম।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, মাঠগুলোর প্রকৃত সাফল্য নির্ভর করবে এগুলো প্রতিদিন কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার ওপর। তার মতে, বিধিনিষেধ ও অনিশ্চয়তায় জীবন ব্যাহত হওয়া শিশুদের জন্য খেলাধুলা এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জায়গা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে কিডস কাপ। তবে প্রতিযোগিতা শেষ হওয়ার পরও মাঠ দুটি স্থানীয় শিশু ও কমিউনিটির জন্য উন্মুক্ত থাকবে। ‘ফিফা অ্যারেনা’ কর্মসূচির আওতায় মাঠের পাশাপাশি স্থানীয়দের ফুটবল সরঞ্জামও দেওয়া হচ্ছে, যাতে নিয়মিত অনুশীলন ও খেলাধুলা চালিয়ে যেতে পারে তারা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১