হলে অবৈধ সিট দখল বন্ধসহ ৪ দফা দাবিতে শাবিপ্রবি ছাত্রশিবিরের স্মারকলিপি

হলে অবৈধ সিট দখল বন্ধসহ ৪ দফা দাবিতে শাবিপ্রবি ছাত্রশিবিরের স্মারকলিপি oplus_0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে অবৈধভাবে সিট দখল বন্ধ, প্রশাসনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে সিট বণ্টনসহ আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে হল প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

 

২০ সেপ্টেম্বর হলের প্রভোস্টের কাছে দেওয়া স্মারকলিপিতে দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা, খাবারের মান ও স্বাস্থ্যবিধি উন্নয়ন, হলের সার্বিক পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার এবং নিয়মতান্ত্রিকভাবে সিট বণ্টনের দাবি জানানো হয়।

 

স্মারকলিপিতে বলা হয়, শাহপরাণ হলে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যা, খাবারের মান ও স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, ওয়াই-ফাই, নিরাপত্তা এবং সিট ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব কারণে হলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে দাবি সংগঠনটির।

 

ইন্টারনেট সমস্যার বিষয়ে স্মারকলিপিতে বলা হয়, হলে বর্তমানে নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নেই। এতে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রোগ্রামিং ও একাডেমিক বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

 

খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রান্নাঘর ও খাবার পরিবেশনের স্থান নিয়মিত পরিষ্কার, খাবারকে পোকামাকড় ও দূষণ থেকে মুক্ত রাখা এবং ডাইনিং ব্যবস্থাপনা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে কার্যকর তদারকির দাবি জানানো হয়। পাশাপাশি হলের কক্ষ, করিডোর, সিঁড়ি, আশপাশের ঝোপঝাড় ও ওয়াশরুম নিয়মিত পরিষ্কার এবং পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

 

সিট বণ্টন বিষয়ে স্মারকলিপিতে বলা হয়, আবাসিক হলের সিট শিক্ষার্থীদের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে বণ্টন করতে হবে। কোনো রাজনৈতিক দল বা সংগঠনের প্রভাবে সিট অবৈধভাবে দখল বা নিয়ন্ত্রণের সুযোগ থাকলে সাধারণ শিক্ষার্থীরা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে নিয়ম অনুযায়ী বৈধ শিক্ষার্থীদের মধ্যে সিট বরাদ্দ এবং অবৈধভাবে সিট দখলের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

 

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০