সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যকর জীবনধারা গঠন ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে সব ধরনের অপসংস্কৃতি ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রবাসী বাংলা হাউজিং ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি এ ধরনের ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রবাসী বাংলা হাউজিংয়ের চেয়ারম্যান আজিজ খান সজিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, ৬নং টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো: সফিকুর রহমান সফিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাসুম, মহানগর জাতীয়তাবাদী যুবদলের সাবেক আহ্বায়ক কমিটি সদস্য ওসমান গনি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য ছালেহ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফয়জুল হক এবং তারাপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রিংকু চক্রবর্তী।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রবাসী বাংলা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমদ খান ও অন্যান্য পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলাটি উপভোগ করতে মাঠ প্রাঙ্গণে বিপুলসংখ্যক স্থানীয় ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।



