সিলেট সদর উপজেলার শাহপরান (রহ.) থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজার এলাকায় ব্রিটিশ আমল থেকে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সরকারি সড়ক বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সমুজ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর উত্তর মোকামেরগুল শাহ-সুন্দর (রহ.) সড়কের একটি ব্রিজসংলগ্ন স্থানে বাঁশের বেড়া দিয়ে সড়কটির চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে পীরের বাজারের তামাবিল প্রধান সড়ক থেকে উত্তর মোকামেরগুল, ছাগলছাট চা-বাগান হয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরমুখী এ সড়কে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। হঠাৎ করে সড়কটি বন্ধ করে দেওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে। খাদিমপাড়া ইউনিয়নের সরকারি ওয়েবসাইটেও সমুজ আলীকে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সমুজ আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার পরও স্থানীয় পর্যায়ে তার ‘প্রভাব-প্রতিপত্তি কমেনি’। তাদের প্রশ্ন—মামলা ও নানা অভিযোগের পরও কীভাবে একজন জনপ্রতিনিধি একটি জনসাধারণের ব্যবহৃত সড়ক এভাবে বন্ধ করে দেওয়ার সাহস পান?
অভিযোগকারীদের আরও দাবি, খাদিম রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কেটে পীরের বাজারে একটি করাতকলে প্রক্রিয়াজাত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ বা সরকারি তদন্তের ফলাফল এই প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়দের পক্ষ থেকে আবদুর রহিম, আবদুস সালাম ও করিম মিয়া সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে সরেজমিন তদন্ত করে বাঁশের বেড়া অপসারণ এবং সড়কটি দ্রুত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর ভাষ্য, সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও এরই মধ্যে সেটি বন্ধ করে দেওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। তাদের দাবি, সরকারি সড়ক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়; জনস্বার্থে অবিলম্বে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
আমারসিলেট/হা



