যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। তাঁর এমন বক্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।
ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সরকারি একটি প্ল্যাটফর্মের উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরান ‘খুবই করুণ অবস্থায়’ রয়েছে। দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ইরান যুদ্ধের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধটি ‘খুব শিগগিরই’ শেষ হয়ে যাবে। তিনি বলেন, ‘তারা (ইরান) কোনো পারমাণবিক অস্ত্র পাবে না, আর তেলের দামও কমে যাবে।’



