নিজ বিভাগ থেকে সংবর্ধনা পেলেন শাবিপ্রবি ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে সংবর্ধনা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্যবসায় প্রশাসন পরিবারের উদ্যোগে আয়োজিত ‘বিজ ফেস্ট-২৬’ ও গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

 

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভাগের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

 

ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। ভাইস চ্যান্সেলর হওয়ার কয়েক মাস পর সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি বিভাগীয় প্রধানের দায়িত্ব হস্তান্তর করেন। তার স্থলাভিষিক্ত হয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম।

 

সংবর্ধনার জবাবে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি আমার দায়িত্বকে সার্ভিস প্রোভাইডার হিসেবে মনে করি। যতদিন ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলাম, ততদিন শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি।’

 

তিনি বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলরের দায়িত্বে থেকে চেষ্টা করি কীভাবে হলের সমস্যা দূর করা যায়, কীভাবে শিক্ষার্থীদের ফলাফল দ্রুত প্রকাশ করা যায় এবং কীভাবে বিশ্ববিদ্যালয়ের রাস্তার কাজ দ্রুত করা যায়।’

 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ইন্টারনেটের কাজ খুব দ্রুত শুরু হবে। আমরা যে কাজই করি না কেন, তা সরকারি নিয়ম মেনে করি। আমরা শাবিপ্রবিকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।’

 

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আয়োজন করা হয়। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১