প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের বিতর্কিত সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করে নতুন সিভিল সার্জন (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেনকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্র জানায় বিদায়ী সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে দায়িত্বে অবহেলা, প্রশাসনিক গাফিলতি ও নানা অনিয়মের অভিযোগ ছিল। ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কনফারেন্স হলে আইনশৃঙ্খলা,উন্নয়ন ও সমন্বয় সভায় জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার বিরুদ্ধে ১দিনের ভেতরে ব্যবস্তা নিতে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছিলেন।



