গণহত্যার মুখে মিয়ানমারে থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংকট নিরসনে সরকার কার্যকর ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
মঙ্গলবার নিউইয়র্কে একটি হোটেলের লবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়া, বাংলাদেশ এবং আন্তর্জাতিক গোষ্ঠীর বলিষ্ঠ ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
ইকবাল বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘ মেয়াদি সমাধান করতে হলে আন্তর্জাতিক গোষ্ঠীকে এগিয়ে আসা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই রোহিঙ্গা সংকট সমাধানে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভা প্রসঙ্গে সাংবাদিক ইব্রাহিম চৌধুরী এক ফেসবুক পোস্টে লিখেছেন প্রতিমন্ত্রীর ঐ সভায় তিনিও উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা সংকটের বিষয়টি উল্লেখ করে ইব্রাহিম লিখেছেন, একদিকে জাতিসংঘের বিশাল ভবন, কূটনৈতিক ভাষা, সভা, সেমিনার, বিবৃতি। অন্যদিকে বাঁশ, প্লাস্টিক, কাদা, বৃষ্টি আর অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে বসবাস করা মানুষ। দুই জায়গার ভাষা আলাদা। কিন্তু প্রশ্ন একটাই—এই মানুষগুলোর ভবিষ্যৎ কী? এই প্রশ্নের জায়গা থেকেই ইকবাল হোসেইনের সঙ্গে আমার কথাবার্তা।তাঁকে আমার কাছে শুধু একজন মন্ত্রী হিসেবে মনে হয়নি। মনে হয়েছে, তিনি বিষয়টি বুঝতে চাইছেন। রোহিঙ্গাদের নিয়ে শুধু বিবৃতি দেওয়ার বাইরে গিয়ে সমস্যাটার গভীরে ঢোকার আগ্রহ তাঁর মধ্যে আছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী ইকবালসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিউইয়র্কে অবস্থান করছেন।



