শাবিপ্রবিতে ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন 

শাবিপ্রবিতে ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক ফলো-আপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ‘ইয়েস প্রোগ্রাম’ (YESS Program)-এর অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ প্রোগ্রাম-ইয়েস ল্যাব ২০২৬’ (Idea-to-Enterprise Program-YESS Lab 2026)-এর অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘From Entrepreneurial Awareness to Enterprise Readiness’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের তরুণ সমাজকে শুধু চাকরিপ্রার্থী না হয়ে চাকরিদাতা অর্থাৎ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও নতুন ভাবনাকেন্দ্রিক ‘আইডিয়া’কে বাস্তবে সফল ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর করতে এই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী দক্ষতা উন্নয়নে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

এসময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহীদুর রহমান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান প্রমুখ।

 

উল্লেখ্য, পূর্বের ইয়েস প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরাই মূলত এই ফলো-আপ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীদের ব্যবসায়িক ভাবনাকে বাস্তবসম্মত মডেলে রূপদান, আর্থিক পরিকল্পনা ও টেকসই উদ্যোগ পরিচালনার বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৪৬
  • ৪:০১
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৪৩