সিলেটের দক্ষিণ সুরমায় বিশেষ অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় এসকাফ (Escuf) ও ৭৫ বোতল ফেয়ারডিল (Fairdil) সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—সিলেটের জকিগঞ্জ উপজেলার কচুয়া গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে মো. রিপন আহমদ (৩১) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গাছগোড়া গ্রামের মো. রাশেদের ছেলে মো. জাহিদ (২২)।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জানতে পারে যে, কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকা থেকে ট্রাকযোগে মাদকের একটি বড় চালান সিলেট শহরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে তেতলী এলাকায় নির্মাণাধীন এসফল্ট প্ল্যান্টের সামনে চেকপোস্ট বসানো হয়। একটি ট্রাককে থামানোর সংকেত দিলে এসআরবির উপস্থিতি টের পেয়ে ট্রাক থেকে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে দুইজনকে আটক করা সম্ভব হলেও বাকি দুইজন কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনে বিশেষভাবে লুকানো দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৩ বোতল ভারতীয় এসকাফ ও ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পলাতক সহযোগীদের সাথে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকগুলো সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল।
এসআরবি-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদের সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



