স্বপ্নের আমেরিকা সফর -১

নিউইয়র্ক দিয়ে স্বপ্নের আমেরিকা সফর যাত্রা পথ শুরু করার আগেই ভ্রমণের কথা লিখেছেন ব্যাংকার লেখক সাংবাদিক জাবেদ আহমদ। প্রিয় জন্মভূমি থেকে বিদায় নিয়ে ভ্রমণের পথে তার স্বপ্নের কথা ভাবনা কথা নিজের ফেসবুক পেইজে অনুভুতি লেখার মাধ্যমে প্রকাশ করেছেন ভ্রমণলেখক জাবেদ আহমদ। তার সফরকালে এর আগেও তিনি বিভিন্ন দেশে বিদেশে ভ্রমণের সুযোগ পাঠকের জন্য চমৎকার ভাবে সেইসব দৃশ্য বর্নণা দিয়েছেন। আমেরিকা সফর কালে তিনি আবারও লিখতে শুরু করেছেন। আমার সিলেট পাঠকের জন্য তুলে ধরা হলো।

স্বপ্নের আমেরিকা সফর -১

পৃথিবীর সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পেয়েছি। পর্যটকদের জন্য এটি একটি বিশাল মাইলফলক। আজ ১ অক্টোবর ২০২৬ বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক দিয়ে স্বপ্নের আমেরিকা সফর শুরু হলো।

মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America) সাধারণ মানুষের কাছে আমেরিকা নামেই সমধিক পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পঞ্চাশটি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ( Washington DC), পাঁচটি অঞ্চল এবং কিছু ক্ষুদ্র বহিঃস্থ দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। রাজধানী ওয়াশিংটন ডিসি কোন অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র কোন আলাদা বা ভিন্ন দেশ নিয়ে গঠিত নয়, এটি একক একটি দেশ। ১৭৭৬ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরূদ্ধে স্বাধীন হওয়া ১৩টি উপনিবেশের ঐক্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে অন্যান্য অঞ্চলের অন্তর্ভুক্তি ও বিস্তৃতির মাধ্যমে বর্তমান রূপ লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডসমুহ পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগরের মধ্যস্থলে অবস্থিত। যুক্তরাষ্ট্রের উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো অবস্থিত।
যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি :

২০২২ সালে ইংল্যান্ড ও ইউরোপের সাত দেশ ভ্রমণের পর পরবর্তী ভ্রমণের তালিকায় অনিবার্যভাবে আমেরিকার (মার্কিন যুক্তরাষ্ট্র) নাম চলে আসে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা হিসেবে ব্যক্তিগত বিদেশ ভ্রমণে আলাদা নীতিমালা রয়েছে। তিন বছর পর ভ্রমণের অনুমতি মিলে। বাংলাদেশ ব্যাংকের আইন মেনে ২০২৫ সালের প্রথম দিকে ইউএস’র পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসার জন্য অনলাইনে DS-160 ফরম পূরণ করি। ভিসার ইন্টারভিউয়ের জন্য ৮ মার্চ ২০২৬ ধার্য হয়। নির্ধারিত সময়ের আগেই ইন্টারভিউয়ের সিডিউল বাতিল করে মেইল আসে, নতুন তারিখ নিতে বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভিসা নীতি পরিবর্তন করে। বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসা বাতিল করে তিন মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি বন্ড ভিসা (৫-১৫ হাজার ডলার জামানত) চালু করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস স্টেট ডিপার্টমেন্ট ২০ আগস্ট ২০২৫ আফ্রিকার মালাউই ও জিম্বাবুয়ের নাগরিকদের জন্য বি/১ ও বি/২ ভিসার জন্য ৫ থেকে ১৫ হাজার ডলার বন্ড জামানত রেখে বন্ড ভিসা চালু করে, ২০২৫ সালে ৭ টি দেশকে ভিসা বন্ডের আওতাভুক্ত করা হয়। বাংলাদেশসহ ২৫ দেশকে নতুন করে বন্ডের আওতাধীন করে ২১ জানুয়ারি ২০২৬। ২০আগস্ট ২০২৫ থেকে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত এটি ছিল পাইলট প্রকল্প, ৩ আগস্ট ২০২৬ থেকে ২০ হাজার ডলার বন্ড নির্ধারণ করে এটি স্থায়ী আইনে রূপ দেয় ইউএস স্টেট ডিপার্টমেন্ট। বিশ্বের ৫০টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ড ভিসার আওতায় পড়েছে। যার মধ্যে আফ্রিকার ৩০ দেশ, সাউথ এশিয়ার ৩ দেশ (বাংলাদেশ, নেপাল ও ভূটান), ক্যারাবিয়ান ৫, সেন্ট্রাল এশিয়া কসাসের ৫, প্যাসিফিক ৫টি দেশ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের ১২টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। দেশগুলো হলো ইরান, আফগানিস্তান, লিবিয়া, সুদান, ইয়েমেন, মায়ানমার, সোমালিয়া, চাঁদ, কঙ্গো ব্রাজাভিলে, হাইতি, ইকোটরিয়াল গিনি ও ইরিত্রিয়া।

ইউএস ভিজিট ভিসার আমার নতুন এপয়ন্টমেন্ট আসে ১৫ জুলাই ২০২৬ সকাল সোয়া ৮টা। পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকান ভিসার প্রতি আর আগের আগ্রহ না থাকলেও পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়ার বাধ্যবাধকতা থেকে টুকটাক প্রস্তুতি নেই। ঢাকা থেকে বদলি হয়ে সিলেট চলে আসি ১ মে ২০২৬।
সিলেট – ঢাকা মহাসড়কের চরম বেহাল দশায় ঢাকা যাত্রা নিরাপদ করতে দশ দিন আগে ১৩ জুলাই ২০২৬ যাবার এবং ১৬ জুলাই ২০২৬ সিলেট ফেরার শোভন চেয়ার (ভাড়া ৪৩০ টাকা) অনলাইনে টিকেট কিনে রাখি। ঢাকায় আমার ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা থাকে মতিঝিল বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে। প্রিয় সহকর্মী মোহাম্মদ আলী আকতার (অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক) আমার সার্বক্ষণিক খোঁজ নেন। ডরমিটরির বাসিন্দা পরিচালক বীর চট্টলার কৃতি সন্তান মোহাম্মদ নুরুল আলম, অতিরিক্ত পরিচালক মুহম্মদ নূরুল আমিন, মোঃ ইকবাল হাসান, মোঃ আব্দুল আহাদ আমার খোঁজ নেন। ১৪ জুলাই ২০২৬ ঢাকার মতিঝিলে মোঃ জহুরুল হকের সাথে হেঁটে প্রিয় রমনা পার্কে এক ঢু মেরে আসি। দিনে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে চক্কর দিয়ে ডরমিটরিতে রেস্ট নেই। ১৫ জুলাই ২০২৬ ফজরের নামাজ আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদে আদায় করে মসজিদের মুসল্লী মোঃ আবু বকর, মোঃ আব্দুল আহাদ’র কাছ থেকে দোয়া নেই। গোসল সেরে পবিত্র কোরআন তেলাওয়াত করি। মোহাম্মদ আলী আকতার’র আগে থেকে রেডি করা হালকা নাস্তা করে পাঠাও এ্যাপে সিএনজি (ভাড়া ২৬০ টাকা) ডেকে বারিধারা মাদানি এভিনিউ যাই। সকাল সাতটায় আমেরিকা এম্বেসির সামনে অনেক লোক। সাড়ে সাতটা থেকে এপয়ন্টমেন্ট দেয়া আছে, সোয়া সাতটা থেকে লাইনে দাড় করানো শুরু হয়ে দ্রুতই সকল আনুষ্ঠানিকতা সেরে আমরা এম্বেসির ভিতরে চলে যাই। ফিঙ্গার প্রিন্ট, ভিসা ইন্টারভিউ শেষে সাড়ে আটটার মধ্যে আমি বের হয়ে আসি। ভিসা অফিসার আমাকে ৭/৮ টি প্রশ্ন করেন। আমেরিকায় কোথায় যাব, কেন যাব, ইতোপূর্বে কত দেশ ও প্রথম কবে কোন দেশ ভ্রমণ করেছি, দেশে আমি ভয় পাই কিনা ইত্যাদি। শেষে আমাকে আমেরিকান ইমিগ্রেশন আইনে দশ হাজার ডলার বন্ড দিয়ে ভিজিট ভিসা দেয়ার বিষয়টি অবহিত করে মেইলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়ে বিদায় দেন। শুরুতে আমি ইয়ং লেডি ভিসা অফিসারকে Good morning, Happy 250 Anniversary of USA বলি। ‘

ইউরোপের সাত দেশে বাইশ দিন’ বইটি দেখিয়ে আমি তাঁকে আরো বলি I am also a Travel writer. মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির সুসংবাদ জানার পরও সাথে সাথে অন্য অনেকের মতো ‘আলহামদুলিল্লাহ’ ফেইসবুকে পোস্ট দেয়া সম্ভব হয়নি। মার্কিন দূতাবাসের নিষেধাজ্ঞার জন্য মোবাইল ফোন সাথে ছিল না। লাল দালানের এম্বেসি থেকে বের হয়ে সড়ক পাড়ি দিয়ে ভাটারা থানার সামনে গিয়ে ‘রাইদা’ বাস চড়ে ত্রিশ টাকা ভাড়ায় টিটিপাড়া আন্ডারপাসে নেমে সকাল দশটার মধ্যে মতিঝিল আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরিতে পৌঁছে যাই। দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট -২ এর পরিচালক

মোহাম্মদ নুরুল আলম লাঞ্চ করান, রাতে মতিঝিল খলিল হোটেলে মহিষের মাংস দিয়ে ডিনার করান প্রিয়জন মোঃ আব্দুল আহাদ। আমার আমেরিকার ‘বন্ড ভিসা গ্র্যান্ট’ হয়েছে শুনে উচ্ছ্বসিত হয়ে হোটেলে বসেই আমার জন্য সিলেট যাওয়ার অনলাইনে বিমান টিকেট করে উপহার দেন। বিমানে বোর্ডিং পাস নেয়ার সময় দেখি লেখা ‘ভিআইপি’, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সামনের সীটে বসে আসি, মন্ত্রী মহোদয় আমার সাথে কথা বলেন, কুশলাদি জিজ্ঞেস করেন।

মজার বিষয় হলো আমেরিকান বন্ড ভিসা নতুন চালু একটি প্রোডাক্ট, অনেকেই কিছু জানেন না। ১৬ জুলাই ২০২৬ মেইলে লিংক আসে, এতে বিস্তারিত বর্ণনা রয়েছে। কার্ড দিয়ে দশ হাজার ডলার পরিশোধ করতে হবে। ইস্টার্ন ব্যাংক পিএলসি দশ দিনে কার্ড সরবরাহ করে, এজন্য সিলেট শাহজালাল উপশহর শাখা ব্যবস্থাপক বাহার উদ্দিন লোক পাঠিয়ে সঞ্চয়ী হিসাব খোলান। ইবিএল’র ম্যানেজার বাহার বললেন সিলেটে প্রথম ও সারাদেশে পঞ্চম বন্ড ভিজিট ভিসা আমি পেয়েছি, এজন্য সেবা দিতে তাঁদের কিছুটা বিলম্ব হয়েছে। আমেরিকা এম্বেসির পাঠানো লিংকে ঢুকে যথাযথ তথ্য ইনপুট ও কার্ড দিয়ে দশ হাজার ডলার পাঠাতে সহায়তা করেন প্রিয় সহকর্মী সিতাংশু শেখর রায়। সিতাংশু উচ্চ শিক্ষা গ্রহণে আমেরিকা যাচ্ছেন, সদ্য ইন্টারভিউ দিয়ে সপরিবারে ভিসা পেয়েছেন। আমার ইন্টারভিউ প্রস্তুতি নিতে তিনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন, তাঁর কম্পিউটারে টাইপ করা লিখিত প্রশ্ন ও উত্তর আমি বারিধারা মাদানি এভিনিউ’র আমেরিকান এম্বেসির লাইনে দাঁড়ানোর আগ পর্যন্ত চোখে মুখে চর্চা করে শেষ মুহূর্তে কাগজটি খালি মাঠে ফেলে যাই। এটা অনেকটা পাবলিক পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত নোটে চোখ বোলানোর মতো।

ফরম পূরণ ও দশ হাজার ডলার পরিশোধের সাথে সাথে ইমেইলে প্রাপ্তি স্বীকার আসে, তিনদিনের মধ্যে পাসপোর্ট জমাদানের মেইল আসে, সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট সংগ্রহের মেসেজ আসে। ১১ আগস্ট ২০২৬ ঢাকার গুলশান-২ এর ডেল্টা লাইফ টাওয়ারের ভিএফএস থেকে স্বপ্নের আমেরিকার ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করি। গুলশান -২ এর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবন, প্রেসিডেন্ট বিচারপতি সাহাব উদ্দিন আহমদ পার্ক ঘুরে দুপুরে গুলশান এভিনিউতে ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে প্রশাসক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল হাসেম স্যারের আমন্ত্রণে লাঞ্চে অংশ নেই। হাসেম স্যার বললেন আর মাত্র দু’দিন পর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। See less

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩